অমনিবাস জটিলতায় ডিএসইতে অনলাইনে লেনদেন চালু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চেন্ট ব্যাংকের অমনিবাস বিও হিসাব নিয়ে সৃষ্ট জটিলতার কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনলাইনে লেনদেন কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। আজ বৃহস্পতিবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনলাইন লেনদেনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা তুলে ধরে ডিএসইর প্রতিনিধিরা এ কথা জানান।ডিএসইর সভাপতি শাকিল রিজভীর নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অমনিবাসে একটিমাত্র বিও হিসাবের অধীনে হাজার হাজার গ্রাহক থাকেন। ফলে এসব হিসাব থেকে অনলাইনে শেয়ার কেনা-বেচা হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই এ বিষয়ে এসইসিকে পদক্ষেপ নিতে বলেছেন ডিএসইর প্রতিনিধিরা।বেশ কিছু দিন ধরে অনলাইন লেনদেনের প্রস্তুতির পর গত শনিবার ডিএসই অনলাইনে পরীক্ষামূলকভাবে শেয়ার লেনদেন করেছে। স্টক এক্সচেঞ্জটি এখন অনলাইন লেনদেনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, ‘অনলাইনে লেনদেন শুরু করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে কিছু সমস্যার কথা আমরা এসইসিকে জানিয়েছি। এসইসি সহযোগিতা করলে শিগগিরই আমরা চালু করতে পারব।’ আগামী ৪ মার্চ অনলাইনের মাধ্যমে লেনদেন শুরু করার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।