অমনিবাস হিসাব নিয়ে সময় চেয়েছে মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন
পুঁজিবাজার পরিস্থিতিসহ আইনি বিভিন্ন বিধিবিধান নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা। এ সময় বিএমবিএর নেতারা তাঁদের বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা এসইসির কাছে তুলে ধরেন।জানা গেছে, বৈঠকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় বিএমবিএর নেতারা সুদ মওকুফের জন্য সরকারের কাছ থেকে বিশেষ তহবিল-সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের অমনিবাস হিসাবকে আলাদা বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে স্থানান্তরে সময় বাড়ানোর আহ্বান জানান।এ বিষয়ে জানতে চাইলে বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ. হাফিজ প্রথম আলোকে বলেন, ‘অমনিবাস হিসাবকে আলাদা বিও হিসাবে স্থানান্তরের জন্য আমরা এসইসির কাছে আগামী জুন মাস পর্যন্ত সময় চেয়েছি। তবে এসইসির পক্ষ থেকে আমাদের এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এসইসি বলেছে, আমাদের সময় বাড়ানোর আবেদনের বিষয়টি কমিশন ভেবে দেখবে।’ এসইসি সূত্র জানায়, অমনিবাস হিসাবকে আলাদা বিও হিসাবে স্থানান্তরের জন্য সময় বাড়ানোর আবেদনের বিষয়ে কমিশন সুনির্দিষ্ট করে কিছুই জানায়নি।যদিও গতকাল এসইসির সঙ্গে বিএমবিএর নেতাদের বৈঠকের পরপরই বাজারে গুজব ছড়িয়ে পড়ে, অমনিবাস হিসাবকে আলাদা বিও হিসাবে স্থানান্তর করা হবে না। তবে এই গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি।এদিকে, সপ্তাহের শেষ দিনে গতকাল বৃহস্পতিবারও দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত ছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬৬ পয়েন্টে। ঢাকার বাজারে এদিন ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টিরই দাম কমেছে, বেড়েছে ৮৭টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৪ কোটি টাকা বেশি।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন ১৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৪০৭ পয়েন্টে। দিন শেষে চট্টগ্রামের বাজারে ১৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। সিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা কম।