অমনিবাস হিসাব বন্ধের সময় দুই মাস বাড়ল
মার্চেন্ট ব্যাংকগুলোর অমনিবাস হিসাব বন্ধের সময় দুই মাস বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার সন্ধ্যায় ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি। নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের অধীনে থাকা ননডিসক্রিশনারি হিসাব বিনিয়োগকারীদের পৃথক বিও হিসাবে রূপান্তর করতে হবে।বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর ৩০(৪) ও ৩০(৬) অনুযায়ী মার্চেন্ট ব্যাংকগুলোকে সব ননডিসক্রিশনারি গ্রাহকের হিসাব আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পৃথক বিও হিসাবে স্থানান্তর করতে হবে।এতে বলা হয়, প্রত্যেক মার্চেন্ট ব্যাংকারের জন্য তাঁদের নিজস্ব কাস্টডি ডিপির মাধ্যমে বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে বিও হিসাব খুলতে হবে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকারের বিনিয়োগকারীদের স্বতন্ত্র বিও হিসাব খোলার ক্ষেত্রে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অন্তর্ভুক্ত করে এবং অপ্রাপ্য ক্ষেত্রগুলো (যেমন: মায়ের নাম, পোস্ট কোড, জন্ম তারিখ ইত্যাদি) কিছু বিশেষ তথ্য দ্বারা (যেমন: ‘নট অ্যাভেইলেবল’, ‘০০০০’, ‘৯৯’, ‘৯৯,৯৯৯৯’) পূরণ করার মধ্যমে বিও হিসাব খুলতে পারবে। অসম্পূর্ণ তথ্যের ক্ষেত্রে পরবর্তী এক মাসের মধ্যে সম্পূর্ণ তথ্য বিও হিসাব ফরমে সন্নিবেশিত করত হবে।এতে আরও বলা হয়, পোর্টফোলিও ম্যানেজারের অনুমতি ছাড়া তাঁর কোনো মার্জিন ঋণ গ্রাহক রাইট শেয়ার রিনানসিয়েট করতে পারবেন না। এ ব্যাপারে পোর্টফোলিও ম্যানেজার সংশ্লিষ্ট ইস্যুয়ার কোম্পানির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে মার্চেন্ট ব্যাংকারের ননডিসক্রিশনারি হিসাব থেকে স্বতন্ত্র বিও হিসাবে স্থানান্তর বিষয়টি সব বিনিয়োগকারীরর অবগতির জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সম্পর্কে নির্দেশনায় বলা হয়, ননডিসক্রিশনারি হিসাবের গ্রাহকদের সিকিউরিটিজগুলো বিনা ফিতে পৃথক বিও হিসাবে স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান ননডিসক্রিশনারি হিসাব থেকে ‘কাট অফ’ তারিখে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের স্বতন্ত্র বিও হিসাবে শেয়ার স্থানান্তর ও ‘কাট অফ’ তারিখের পূর্বে ক্রয়কৃত শেয়ার, বোনাস শেয়ার ও রাইট শেয়ারগুলোর ক্ষেত্রে ম্যাচিউরড তারিখ ও বণ্টন তারিখ যদি ‘কাট অফ’ তারিখের পর হয় তবে সেক্ষেত্রে শেয়ারগুলো স্থানান্তর করতে হবে।এসইসির ওই নির্দেশনায় ইস্যুয়ার কোম্পানি ও মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলা হয়, ইস্যুয়ার কোম্পানি অথবা মিউচুয়াল ফান্ড লভ্যাংশ অথবা ভগ্নাংশ বোনাসের বিক্রয়লব্ধ অর্থ প্রদানের ক্ষেত্রে মার্জিন ঋণ শ্রেণিভুক্ত বিও হিসাবগুলোর লভ্যাংশের টাকা একত্রে ওই বিও হিসাবগুলোর তালিকাসহ একটি চেক বা ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে তাঁদের ডিপিকে প্রেরণ করবে। ওই ডিপি পরবর্তী সময় তালিকা অনুযায়ী তা বিনিয়োগকারীদের হিসাবে বণ্টন করবে; পোর্টফোলিও ম্যানেজারের অনুমতি ছাড়া তাঁর কোনো মার্জিন ঋণ গ্রাহক রাইট শেয়ার রিনানসিয়েট করতে পারবে না। এ ব্যাপারে পোর্টফোলিও ম্যানেজার সংশ্লিষ্ট ইস্যুয়ার কোম্পানির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।প্রসঙ্গত, গত ৭ নভেম্বর এক নির্দেশনায় ৩০ ডিসেম্বরের মধ্যে অমনিবাস হিসাব বন্ধের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।তবে বিএসইসির নির্ধারিত সময়ের মধ্যে অমনিবাস হিসাব বন্ধ করা সম্ভব নয় বলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়। একই সঙ্গে প্রতিটি গ্রাহকের জন্য পৃথক বিও হিসাব খুলতে সময়সীমা বাড়ানোরও আবেদন করা হয় মার্চেন্ট ব্যাংকারদের পক্ষ থেকে। এরই পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এই সিদ্ধান্ত নেয়।