অমনিবাস হিসাব বিও হিসাবে রূপান্তরের সময় বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চেন্ট ব্যাংকের ননডিসক্রিশনারি গ্রাহকদের অমনিবাস হিসাবকে পৃথক বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাবে রূপান্তরের সময়সীমা বাড়ছে না। আজ মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজকের সভায় কতিপয় মার্চেন্ট ব্যাংকের ননডিসক্রিশনারি গ্রাহকদের অমনিবাস হিসাবকে পৃথক বিও হিসাবে রূপান্তরের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত আবেদন বিবেচনা না করার সিদ্ধান্ত গৃহীত হয়।’ একই সঙ্গে এই বিষয়ে কমিশনের জারিকৃত নির্দেশনা (নং-এসইসি/সিএমএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৪২ তাং ৩০/১২/২০১২) যথাযথ অনুসরণ করার জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর মার্চেন্ট ব্যাংকগুলোর অমনিবাস হিসাব বন্ধের সময় দুই মাস বাড়ায় নিয়ন্ত্রক সংস্থা। ওই দিন জারি করা এক নির্দেশনায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের অধীনে থাকা ননডিসক্রিশনারি হিসাব বিনিয়োগকারীদের পৃথক বিও হিসাবে রূপান্তরের সময় বেঁধে দেওয়া হয়।বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর ৩০(৪) ও ৩০(৬) অনুযায়ী মার্চেন্ট ব্যাংকগুলোকে সব ননডিসক্রিশনারি গ্রাহকের হিসাব ২৮ ফেব্রুয়ারির মধ্যে পৃথক বিও হিসাবে স্থানান্তর করতে হবে।পরবর্তী সময় কয়েকটি মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে সময় বাড়ানোর আবারও আবেদন করা হয়। তবে বিএসইসি তাদের আবেদন আমলে না নিয়ে আজকের কমিশন সভায় তা বিবেচনা না করার সিদ্ধান্ত নেয়।প্রসঙ্গত, গত ৭ নভেম্বর এক নির্দেশনায় ৩০ ডিসেম্বরের মধ্যে অমনিবাস হিসাব বন্ধের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।তবে বিএসইসির নির্ধারিত সময়ের মধ্যে অমনিবাস হিসাব বন্ধ করা সম্ভব নয় বলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়। একই সঙ্গে প্রতিটি গ্রাহকের জন্য পৃথক বিও হিসাব খুলতে সময়সীমা বাড়ানোরও আবেদন করা হয় মার্চেন্ট ব্যাংকারদের পক্ষ থেকে।