অমনিবাস হিসাব বিও হিসাবে স্থানান্তরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চেন্ট ব্যাংকের গ্রাহকদের অমনিবাস হিসাব পৃথক বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাবে স্থানান্তরের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসইসি এ নির্দেশ দিয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এ কাজ সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এর আগে আজ বেলা সাড়ে ১১টায় ৪৫৩তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চেন্ট ব্যাংকের প্রচলিত অমনিবাস হিসাবের পরিবর্তে বিনিয়োগকারীদের জন্য পৃথক বিও হিসাব খোলা এবং অমনিবাস হিসাবগুলো থেকে সিকিউরিটিজ পৃথক বিও হিসাবে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর ৩০(৪) ও ৩০(৬) অনুযায়ী মার্চেন্ট ব্যাংকগুলোর সব অমনিবাস গ্রাহকদের হিসাব আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পৃথক বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন করতে হবে।এতে আরও যেসব বিষয় বলা হয় তা হলো: প্রত্যেক মার্চেন্ট ব্যাংকের জন্য তাদের নিজস্ব কাস্টডি ডিপির মাধ্যমে বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে বিও খুলতে হবে; বিদ্যমান অমনিবাস হিসাবের গ্রাহকদের সিকিউরিটিজগুলো বিনা ফিতে পৃথক বিও হিসাবে স্থানান্তরের জন্য সিডিবিএল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে; মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগকারীদের স্বতন্ত্র বিও হিসাব খোলার ক্ষেত্রে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অন্তর্ভুক্ত করে এবং অপ্রাপ্য ক্ষেত্রগুলো (যেমন-মায়ের নাম, পোস্ট কোড, জন্ম তারিখ ইত্যাদি) কিছু বিশেষ তথ্য দ্বারা (যেমন- ‘প্রযোজ্য নয়’, ‘০০০০’, ‘৯৯/৯৯/৯৯৯৯’) পূর্ণ করার মাধ্যমে বিও হিসাব খুলতে পারবে, অসম্পূর্ণ তথ্যের ক্ষেত্রে পরবর্তী এক মাসের মধ্যে সম্পূর্ণ তথ্য বিও হিসাব ফরমে সন্নিবেশিত করতে হবে; ইস্যুয়ার কোম্পানি বা মিউচুয়াল ফান্ড লভ্যাংশ অথবা ভগ্নাংশ বোনাসের বিক্রয়লব্ধ অর্থ প্রদানের ক্ষেত্রে মার্জিন শ্রেণিভুক্ত বিও হিসাবগুলোর লভ্যাংশের টাকা একত্রে উক্ত বিও হিসাবগুলোর তালিকাসহ একটি চেক বা ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে তাদের ডিপিতে প্রেরণ করবে, ওই ডিপি পরবর্তী সময় তালিকা অনুযায়ী তা বিনিয়োগকারীদের হিসাবে বণ্টন করবে এবং পোর্টফলিও ম্যানেজারের অনুমতি ছাড়া তার কোনো মার্জিন গ্রাহক রাইট শেয়ার রিনানসিয়েট করতে পারবে না, এ ব্যাপারে পোর্টফলিও ম্যানেজার সংশ্লিষ্ট ইস্যুয়ার কোম্পানির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এ ছাড়াও মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব থেকে স্বতন্ত্র বিও হিসাবে স্থানান্তরের বিষয়টি বিনিয়োগকারীদের অবগতির জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে অমনিবাস হিসাবের মাধ্যমে লেনদেন করে আসছে মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংকের হিসাবগুলো তদারকির আওতায় আনতে বিনিয়োগকারীদের পৃথক বিও হিসাবে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় এসইসি।এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), মার্চেন্ট ব্যাংক ও সিডিবিএলের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করে এসইসি। ওইসব বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে অমনিবাস গ্রাহকদের হিসাব পৃথক বিও হিসাবে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।