অমনিবাস হিসাবের ব্যাপারে মার্চেন্ট ব্যাংকারদের চ্যালেঞ্জ
মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের অধীনে নিয়মবহির্ভূত কার্যক্রম চালানো হচ্ছে—এমন অভিযোগের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মার্চেন্ট ব্যাংকাররা। আজ রোববার রাজধানীর মতিঝিলের পূর্বাণী হোটেলে ‘পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকারদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহসভাপতি তানজিল চৌধুরী এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। এ সময় তিনি বলেন, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে অমনিবাস হিসাব সারা বিশ্বে প্রচলিত। সুতরাং এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।তবে জনতা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, এটা দীর্ঘ দিন ধরে ঝুলন্ত একটি বিষয়। এ বিষয়টি নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি) সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। এ সময় উপস্থিত অন্য মার্চেন্ট ব্যাংকাররা বলেন, অমনিবাস হিসাবে কোনো অনিয়ম হলে তা এসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষে খুঁজে বের করা কঠিন কাজ নয়। এসইসির উচিত হবে, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া। কেউ অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারটিও এ সময় উঠে আসে।এর আগে উদ্বোধনী পর্বে এসইসির সদস্য আবদুস সালাম সিকদার বলেন, মার্চেন্ট ব্যাংকগুলোর অমনিবাস হিসাবের অধীনে অনেক নিয়মবহির্ভূত কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা বাজারের জন্য খুবই ক্ষতিকর। তিনি আরও বলেন, মার্জিনঋণ বিতরণের ব্যাপারে অধিকাংশ মার্চেন্ট ব্যাংক আইন ভঙ্গ করেছে। নন-মার্জিন শেয়ারেও তারা ঋণ দিয়েছে। তাদের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়।এসইসির আরেক সদস্য আরিফ খান বলেন, মার্চেন্ট ব্যাংকগুলোর তাদের মূল কাজ থেকে সরে এসেছে। তারা এখন শুরু মার্জিনঋণ ব্যবস্থাপনার কাজ করছে। তাই মার্চেন্ট ব্যাংকগুলোকে নতুন ইস্যু নিয়ে আসা, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও আন্ডার রাইটিংয়ের কাজে জোর দিতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি বিপর্যয়ের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার জন্ম নেয়। তাই ভবিষ্যতেও শেয়ারবাজারে স্থিতিশীল হবে।সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সামাদ বলেন, মার্চেন্ট ব্যাংকগুলোর অমনিবাস হিসাবের ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোকে এ ব্যাপারে অবশ্যই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মুহাম্মদ এ হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান ও ব্র্যাক ইপিএলের সিইও খালিদ ইউসুফ ফরাজী। এ ছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ হাফিজ, মশিউর রহমান, মনিরুজ্জামান, শাকিল ভূঁইয়া, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, কুশাল জয়াবর্ধনে, খালেদ ইউসুফ ফরাজী ও মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালন করেন বিএমবিএর সহসভাপতি তানজিল চৌধুরী।