অযাচিত হস্তক্ষেপে পদত্যাগ করলেন সিএসইর এমডি

দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ না হতেই পদত্যাগে বাধ্য হলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি উল মারুফ মতিন। গতকাল সোমবার সকালে সিএসইর সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকেও পদত্যাগের একটি কপি দেওয়া হয়েছে।
জানতে চাইলে সিএসইর সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘এমডির পদত্যাগপত্র আমার হাতে এসেছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছে।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে ওয়ালি উল মারুফ মতিন প্রথম আলোকে বলেন, ‘আমি আমার পদত্যাগপত্রে কারণ উল্লেখ করেছি। যার কপি নিয়ন্ত্রক সংস্থাকেও দেওয়া হয়েছে।’ এর বেশি আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এদিকে বিএসইসি ও সিএসইর একাধিক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, পরিচালনা পর্ষদের সঙ্গে মতপার্থক্য ও ব্যবস্থাপনা পরিচালকের বিভিন্ন সিদ্ধান্তে পর্ষদের প্রভাবশালী সদস্যদের অযাচিত হস্তক্ষেপের কারণে তিনি দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগপত্রে মারুফ মতিন বলেন, পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যরা এমডির বিভিন্ন সিদ্ধান্তে অযাচিত হস্তক্ষেপ করছেন, যা মেনে নেওয়া কঠিন। প্রাতিষ্ঠানিক সুশাসন পরিপন্থী এ ধরনের কর্মপরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে বিনিয়োগকারীদের অভিযোগগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে সমাধানের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি কোনো সিদ্ধান্তও নিতে পারছেন না।
স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনাকে মালিকানার প্রভাবমুক্ত করতেই ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির পর স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) করা হয়েছিল। স্টক এক্সচেঞ্জের মালিকানার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে ব্যবস্থাপনার সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে না পারেন, সে জন্য সংখ্যাগরিষ্ঠ স্বতন্ত্র পরিচালক নিয়ে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী পরিচালনা পর্ষদ গঠন করা হয়। ডিমিউচুয়ালাইজেশন আইনে ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতাও বাড়ানো হয়।
২০১০ সালের শেয়ারবাজার ধসের পর সরকার গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আইন করে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৩ সালের ২১ নভেম্বর থেকে সিএসই ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ হিসেবে যাত্রা শুরু করে। গঠিত হয় নতুন পরিচালনা পর্ষদ। ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। আর ওয়ালি উল মারুফ মতিন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন ২০১৪ সালের ১ ডিসেম্বর। তিন বছরের জন্য তাঁকে এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার এমডি হিসেবে তাঁর এক বছর পূর্ণ হচ্ছে, তার আগেই তিনি পদত্যাগ করলেন।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সিএসইর এমডির পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি। কমিশনের পক্ষ থেকে পদত্যাগের কারণ খতিয়ে দেখা হবে। যদি এ বিষয়ে কমিশনের করণীয় কিছু থাকে, সেটি করা হবে।’
নিয়ম অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের এমডি নিয়োগের ক্ষেত্রে বিএসইসির অনুমোদন লাগে।
ডিমিউচুয়ালাইজেশনের পর পরিচালনা পর্ষদের অযাচিত হস্তক্ষেপের কারণ দেখিয়ে ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের ঘটনাকে দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে অভিমত বিশেষজ্ঞদের।
জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘সিএসইর পরিচালনা পর্ষদ ও এমডির মধ্যে কী নিয়ে মতপার্থক্য বা দ্বন্দ্ব তৈরি হয়েছে, উভয় পক্ষের বক্তব্য না জেনে এ সম্পর্কে সুনির্দিষ্ট মন্তব্য করা কঠিন। তবে সাধারণভাবে বলতে পারি, ডিমিউচুয়ালাইজেশনের মূল উদ্দেশ্যই হলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যেন স্বাধীন ও হস্তক্ষেপমুক্ত থেকে কাজ করতে পারে। তাই যতক্ষণ এমডি আইনসম্মতভাবে নিজের এখতিয়ারভুক্ত কাজ করছেন, ততক্ষণ তাঁর কাজে পরিচালনা পর্ষদের কোনোভাবেই হস্তক্ষেপ করা উচিত না।’
পরিচালনা পর্ষদের সঙ্গে মতপার্থক্যের জের ধরে এমডির পদত্যাগের ঘটনায় সিএসইর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও একধরনের হতাশা তৈরি করেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা প্রথম আলোর কাছে এ হতাশার কথা জানান। তাঁদের মতে, এ ধরনের ঘটনা ভবিষ্যতে পেশাদারির সঙ্গে কাজ করার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। এতে করে প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হবে।