বিদ্যুৎ ঘাটতি মেটাতে ভারতের অরুণাচল রাজ্যের উদ্বৃত্ত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা মনি শংকর আয়ার। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম।সফররত প্রতিনিধিদলের নেতা মনি শংকর বলেন, আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। ভারতসহ প্রতিবেশী দেশগুলোকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে নতুন ধারার সূচনা হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় বেশি করে বাংলাদেশি পণ্য রপ্তানির আহ্বান জানান তিনি। এম এ ছালাম ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতাগুলো দূর করার আহ্বান জানান। ব্যবসায়ী সমাজের অবাধ চলাচলের সুবিধার্থে সরাসরি ভারত-চট্টগ্রাম ফ্লাইট চালু করার ওপর জোর দেন তিনি। সভায় বক্তব্য দেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহম্মদ, চেম্বারের পরিচালক এস এম আবু তৈয়ব, সাবেক সভাপতি আলী আহমেদ প্রমুখ।