অর্গন ডেনিমসের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরগন ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তার (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার সংস্থাটির ৪৩৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। কমিশনের মুখপত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেনিম ফেবরিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অরগন ডেনিমস লিমিটেড আইপিওর মাধ্যমে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৩২ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ৩৪ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।অরগন ডেনিমস লিমিটেডের ইস্যু ব্যবস্থপনার দায়িত্ব পালন করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটি উত্তোলকৃত টাকা দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, প্রকল্প সম্প্রসারণ ও আইপিওর খরচ হিসেবে ব্যয় করবে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির বেসিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.৪৬ টাকা দেখানো হয়েছে।এ ছাড়া আজকের কমিশন সভায় বাংলালায়ন কমিউনিকেশ লিমিটেডের ১৩০ কোটি টাকার ১০% কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। বন্ডটির মেয়াদ হবে তিন থেকে সাত বছর। অন্যদিকে প্রাথমিক গণপ্রস্তাবের প্রসপেক্টাসের আর্থিক বিবরণীতে অসত্য তথ্য পরিবেশনের দায়ে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, আইপিওর ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও নিরীক্ষা প্রতিষ্ঠান মেসার্স জোহা জামান কবির রশিদ অ্যানড কোং-কে এক লাখ টাকা করে জরিমানা করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পদ মূল্যায়নকারী কোম্পানি মেসার্স মসিহ মুহিত হক অ্যান্ড কোং-কে দুই লাখ টাকা জরিমানা করেছে এসইসি।