অর্গান ডেনিমস ও এনভয় টেক্সটাইলের আইপিও বাতিলের দাবি
অর্গান ডেনিমস লিমিটেড ও এনভয় টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অনুমোদন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে গত ২৮ জুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) লিখিতভাবে এই দাবি জানানো হয়।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২০১০ সালের ডিসেম্বর থেকে শেয়ারবাজারে যে মহা ধসের সৃষ্টি হয়েছে, তা আজও অব্যাহত রয়েছে। মহা ধসে পড়ে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছেন। বাজারে পতন শুরুর পর যেসব কোম্পানি প্রিমিয়ামসহ বাজারে এসেছে, সেসব কোম্পানির অধিকাংশের শেয়ারের দাম অভিহিত মূল্যের নিচে নেমে এসেছে।চিঠিতে বলা হয়, গত ২৯ মে এসইসির ৪৩৪তম কমিশন সভায় অর্গান ডেনিমসের আইপিওর মাধ্যমে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ৩৪ টাকা প্রিমিয়ামসহ ৪৪ টাকায় নির্ধারণ করা হয়।ওই চিঠিতে আরও বলা হয়, এনভয় টেক্সটাইল লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকায় অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থ।শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে এই কোম্পানি দুটি প্রিমিয়ামসহ বাজারে এলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আর তাই প্রতিষ্ঠান দুটির আইপিওর অনুমোদন বাতিলের আহ্বান জানায় সংগঠনটি।এদিকে সম্প্রতি তালিকাভুক্ত হওয়া বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম এরই মধ্যে প্রস্তাব (অফার) মূল্যের নিচে নেমে আসায় সংগঠনটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, ২৯ জুলাই থেকে ২ আগস্ট এনভয় টেক্সটাইল লিমিটেড এবং ৯ থেকে ১৩ সেপ্টেম্বর অর্গান ডেনিমস লিমিটেডের আইপিওর সাবস্ক্রিপশন চলবে।