অর্গানিক চায়ের অপার সম্ভাবনা

অর্গানিক বা ভেষজ চায়ের বাজার বাড়ছে দিন দিন। বৈশ্বিক বাজারেও এর চাহিদা অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
প্রথম আলো

মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণেই ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জনপদ দার্জিলিং। সেখানকার চায়ের খ্যাতি বিশ্বজোড়া। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ভারত সীমান্তঘেরা তেঁতুলিয়া মোটেও পাহাড়ি জনপদ নয়। কিন্তু সেখানেই চায়ের বাগান গড়ে উঠেছিল আজ থেকে ২০ বছর আগে। এসব বাগান কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের। এই সমতলে চা-বাগানের উদ্যোগ নেওয়ার বিষয়টা ছিল অভিনব। এ প্রতিষ্ঠানের উৎপাদিত চায়ের মধ্যেও আছে অভিনবত্ব। এই চা অর্গানিক বা ভেষজ। দেশে এ চায়ের বাজার বাড়ছে দিন দিন। বৈশ্বিক বাজারেও এর চাহিদা অনেক।

কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শোয়েব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কাজী অ্যান্ড কাজী টি বাংলাদেশে প্রথম অর্গানিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা আমাদের বাগানে ভেষজ ও ঔষধি পাতার মিশ্রণে তৈরি বায়োপেস্টিসাইড এবং জৈব সার ব্যবহার করে উৎপাদন করছি অর্গানিক চা।’

পঞ্চগড়ে কাজী অ্যান্ড কাজীর উদ্যোগে শুরু হয়েছিল চায়ের চাষ। এখন এটি ছড়িয়ে পড়েছে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটের সমতল ভূমিতে। পাঁচটি জেলায় বর্তমানে নিবন্ধিত ১০টি ও অনিবন্ধিত ১৭টি বড় চা-বাগান (২৫ একরের ওপরে) রয়েছে। এ ছাড়া ১ হাজার ৫১০টি নিবন্ধিত ও ৫ হাজার ৮০০টি অনিবন্ধিত ক্ষুদ্রায়তন চা-বাগান (২৫ একর পর্যন্ত) রয়েছে। চায়ের এলাকা সম্প্রসারিত হলেও কাজী অ্যান্ড কাজী সেই শুরুর লক্ষ্য, অর্থাৎ অর্গানিক চায়ের চাষ অব্যাহত রেখেছে।

দেশের ক্ষুদ্র আকারের চায়ের বাগান তৈরির পরামর্শক প্রতিষ্ঠান পাতি সার্ভিসের প্রধান নাসিম আনোয়ার বলেন, কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের পাশাপাশি আরও দুটি প্রতিষ্ঠান অর্গানিক চা করছে। এর মধ্যে কাজী অ্যান্ড কাজীই অর্গানিক চায়ের বৃহত্তম উৎপাদনকারী প্রতিষ্ঠান।

চা বিশেষজ্ঞ নাসিম আনোয়ারের কথা, মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা দিন দিন বাড়ছে। তাই বাড়ছে অর্গানিক চায়ের চাহিদা।

কৃত্রিম সার ও কীটনাশক ব্যবহার না করে যে চা উৎপাদিত হয়, তাই অর্গানিক।
অর্গানিক চা উৎপাদন করে প্রতিষ্ঠান আর দেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে কাজী অ্যান্ড কাজী। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ), দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তরের (এফডিএ) খাদ্যের মান দেখভালকারী প্রতিষ্ঠান হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের (এইচএসিসিপি) কাছ থেকে স্বীকৃতি পেয়েছে। পরিবেশবান্ধব উৎপাদনের স্বীকৃতি হিসেবে পরিবেশ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রেইনফরেস্ট অ্যালায়েন্সের বিশেষ সনদ পেয়েছে এ প্রতিষ্ঠান।

দেশের মধ্যে এবং বিশ্বের বিভিন্ন স্থানে অর্গানিক চায়ের চাহিদা ও বাজার বাড়ছে। ভারত ও যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গ্র্যান্ড ভিউ রিসার্চের হিসাব অনুযায়ী, সারা বিশ্বে অর্গানিক চায়ের বাজার এখন ৩৩ কোটি ৪৫ লাখ ডলারের সমপরিমাণ। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ছয় বছরে এর পরিমাণ ১৬ দশমিক ২ শতাংশ বাড়বে।

অর্গানিক চায়ের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার পেছনে মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির সম্পর্ক আছে বলে মনে করেন বারডেম হাসপাতালের সাবেক চিফ নিউট্রিশন অফিসার ও বিভাগীয় প্রধান আখতারুন নাহার। এই পুষ্টিবিদ বলেন, অর্গানিক গ্রিন টি পানে শরীরের মেদ কোষে গ্লুকোজ ঢুকতে পারে না। ফলে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। অর্গানিক চায়ে এসব গুণ সঠিকভাবে কার্যকর হয়।