অর্জনযোগ্য টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে অর্জনযোগ্য টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) প্রণয়নের তাগিদ দেওয়া হয়েছে। এসডিজিবিষয়ক খসড়ার ওপর আলোচনা করতে গিয়ে গতকাল সোমবার বক্তারা তাগিদ দিয়েছেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তারা আরও বলেন, প্রবৃদ্ধির কৌশল এমন হতে হবে, যা দারিদ্র্য বিমোচনে সহায়তা করে। আর লক্ষ্যগুলো সব দেশের কাছে গ্রহণযোগ্য করতে হবে। আগামী ২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) মেয়াদ শেষ হচ্ছে। এরপর জাতিসংঘ নতুন আরেকটি উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে সুপারিশ পাঠানো হবে। এ সুপারিশমালা তৈরির জন্য অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদকে সমন্বয়ক করে একটি কমিটি কাজ করছে। আগামী মার্চ মাসের মধ্যে এ সুপারিশমালা চূড়ান্ত করা হবে। সভপতির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নগরায়ণের বিষয়টি এখন বাংলাদেশের জন্য বেশি মনোযোগ দিতে হবে। তাঁর মতে, এমডিজির শিক্ষা, জনশক্তি রপ্তানি, মানব উন্নয়নসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ ভালো করছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এ দেশের দারিদ্র্যের অন্যতম কারণ নদীভাঙন। নদীভাঙনের ফলে মানুষ সর্বহারা হয়। জমি ও সম্পদ—কোনোটিই ফেরত পায় না। জমি কমে যাচ্ছে, আর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে—এমন পরিস্থিতি খাদ্য জোগাতে নতুন গবেষণার ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। ইউএনডিপির আবাসিক প্রধান নিয়েল ওয়াকার বলেন, জাতীয় সুশাসন হলো উন্নয়নের জন্য একটি বিনিয়োগ। সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে উন্নয়ন প্রক্রিয়া সহজ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, টেকসই উন্নয়নে পরিকল্পনা থাকা দরকার। আর অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর উদ্যোগকে প্রাধান্য দেওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, এমডিজিতে অতি দারিদ্র্য বিমোচনকে প্রাধান্য দেওয়া হয়েছে। এসডিজিতে সামগ্রিক দারিদ্র্য বিমোচনে উদ্যোগ থাকতে হবে। তিনি সার্ক উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এগিয়ে নেওয়ার তাগিদ দেন। উন্নয়ন সহযোগী ও বাংলাদেশের উন্নয়ন কৌশলের মধ্যে সমন্বয় করার ওপর গুরুত্ব দেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, টেকসই উন্নয়নে টেকসই শিল্পায়ন দরকার। তাই এসডিজিতে শিল্প খাতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। গর্ভবতী মা ও নবজাত শিশুর স্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তাঁর মতে, এতে প্রসূতি ও শিশু মৃত্যুহার কমবে।ভবিষ্যৎমুখী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, টেকসই উন্নয়নকে লক্ষ্য করে মুদ্রানীতি ও রাজস্ব নীতি প্রণয়ন করা হচ্ছে। কাজী খলীকুজ্জমান তাঁর প্রবন্ধে উল্লেখ করেন, এমডিজিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান, সুশাসন, সামাজিক বৈষম্য, জ্বালানি, পরিবেশ বিপর্যয়, জনসংখ্যা ব্যবস্থাপনা ও নগরায়ণের মতো বিষয়গুলো ছিল না। এসডিপিতে এসব সংযোজনের সুপারিশ থাকা উচিত। এ ছাড়া আরও বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, সাবেক পররাষ্ট্রসচিব হুমায়ন কবির প্রমুখ।