অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদল ম্যানিলা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভের অর্থ চুরি
রিজার্ভের অর্থ চুরি

বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল ফিলিপাইন যাচ্ছে। তারা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে চুরি হওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবশিষ্ট অর্থ দেশে ফিরিয়ে আনার উপায় নিয়ে ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে।
ফিলিপাইনগামী প্রতিনিধিদলে থাকবেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রব, ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন এবং ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। প্রতিনিধিদলটি ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি), বিচার বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক ও আরসিবিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার এখনো উদ্ধার হয়নি। অজ্ঞাতনামা সাইবার অপরাধীরা নিউইয়র্ক ফেডে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে গত ৪ ও ৫ ফেব্রুয়ারি ১০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তবে তারা ফিলিপাইনে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নিতে সক্ষম হয়। এই অর্থ যায় সেই দেশের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার চারটি হিসাবে। চুরি হওয়ার অর্থের মধ্যে এ পর্যন্ত মাত্র ১ কোটি ৮০ লাখ ডলার উদ্ধার হয়েছে।

বাংলাদেশের অভিযোগ, চুরি হওয়া ওই অর্থ আরসিবিসি থেকে ক্যাসিনো হয়ে সরিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ফিলিপাইনের তদন্তকারীরা বলেছেন, আরসিবিসির পদ্ধতিগত ব্যর্থতার কারণে এমনটি ঘটেছে।

ঢাকায় একটি সূত্র রয়টার্সকে বলেছে, বাংলাদেশ ব্যাংক মনে করে যে ৫ ফেব্রুয়ারি প্রথম যখন নিউইয়র্ক ফেড থেকে অর্থ আসে, তখন আরসিবিসির কিছু কর্মকর্তা সন্দেহ প্রকাশ করলেও জুপিটার স্ট্রিট শাখা সেটাকে পাত্তা দেয়নি এবং এমনকি ৯ ফেব্রুয়ারি প্রধান কার্যালয়ের আদেশ সত্ত্বেও ওই অর্থ জব্দ করার পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আরসিবিসির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে দায়িত্বে থাকা ব্যক্তিরা ঘটনাটির গুরুত্ব বুঝতে ভুল করেন বলে সেই সময় ফিলিপাইনের সিনেটের শুনানিতে জানিয়েছিলেন আরসিবিসির তৎকালীন প্রেসিডেন্ট লরেঞ্জো তান। তিনি বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণ ছিল তথ্যপ্রযুক্তিতে (আইটি)। মানবিক নিয়ন্ত্রণও ছিল আমাদের হাতে। তা সত্ত্বেও আমরা দুর্ভাগ্যজনকভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছি।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ, যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত। কিন্তু আপনারা তো জানেন, মানুষের ভুল হয়, মানুষ বিচার-বিবেচনায় ভুল করে কিংবা উদ্দেশ্যমূলকভাবেও অমন কাজ করে থাকে।’ লরেঞ্জো তান ওই সময়ই পদত্যাগ করেন।

ব্যাংক আরসিবিসির বিরুদ্ধে মামলা করার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। তবে তিনি রয়টার্সকে বলেন, বাংলাদেশ ব্যাংক ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় অর্থ উদ্ধারের চেষ্টা করছে।

আরসিবিসি অর্থ সরিয়ে নেওয়ায় সহায়তার জন্য তাদের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোসহ কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক মনে করে, শুধু ওই সব কর্মীই নন, আরসিবিসিও চুরি ঠেকাতে প্রাতিষ্ঠানিকভাবে ব্যর্থ হয়েছে।