রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধারে সব পক্ষকে যুক্ত করতে যুক্তরাষ্ট্র গেছে বাংলাদেশ ব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এ সফরে প্রতিনিধিদলটি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড), সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট), ফিন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন), যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস, দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের নেতৃত্বে গতকাল রোববার রাতে প্রতিনিধিদলটি দেশ ছাড়ে। প্রতিনিধিদলে আরও আছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি, ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক দেবদুলাল রায়, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপমহাব্যবস্থাপক জাকের হোসেন ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক আবদুর রব।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এবারের সফরে আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করব। আইনি সব বিষয়ও দেখা হবে।’
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১৬ থেকে ১৯ আগস্ট প্রতিনিধিদলটি বিভিন্ন পক্ষের সঙ্গে নির্ধারিত বৈঠকগুলোতে অংশ নেবে। এর মধ্যে ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ ব্যাংক, নিউইয়র্ক ফেড ও সুইফটের সঙ্গে ত্রিপক্ষীয় সভা করবে প্রতিনিধিদল। ২২ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরও জানা গেছে, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) জরিমানা হওয়ায় ওই অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সহযোগিতা চাইবে। এ ক্ষেত্রে নিউইয়র্ক ফেডকে সক্রিয় ভূমিকা রাখার জন্য চেষ্টা করবে প্রতিনিধিদলটি। পাশাপাশি জরিমানা আরোপ করে ফিলিপাইন থেকে কীভাবে কিছু অর্থ ফেরত পাওয়া যায়, সেই চেষ্টা করা হবে।
গোপনীয়তার স্বার্থে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না: রিজার্ভ চুরির সঙ্গে জড়িত বিদেশি অপরাধীরা যাতে জানতে না পারে, সে কারণেই তদন্তের কোনো তথ্য প্রকাশ করছে না বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কর্মকর্তারা জড়িত—ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই গত শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি।
আজমালুল হোসেন রয়টার্সকে বলেন, এ ঘটনার সব তদন্ত সম্পর্কে বাংলাদেশ ব্যাংক খুব ভালোভাবেই অবগত। বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করেই তদন্তের তথ্য গোপন রেখেছে, যাতে বিদেশি অপরাধীরা এ বিষয়ে জেনে সতর্ক হতে না পারে। এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ তদন্তে রিজার্ভ চুরির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি তুলে ধরে আরসিবিসি ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স-প্রধান মারিয়া সেলিয়া এসতাভিল্লো রয়টার্সকে বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত বলেই প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।
রিজার্ভের অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ৫ আগস্ট আরসিবিসিকে ১০০ কোটি পেসো বা ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করে। দুই কিস্তিতে পরিশোধযোগ্য এ জরিমানার অর্ধেক ৫০ কোটি পেসো গত শুক্রবার পরিশোধ করেছে আরসিবিসি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে সাইবার অপরাধীরা।