অর্থ উদ্ধারে সহায়তার প্রতিশ্রুতি দিল ফিলিপাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধার নিয়ে ফিলিপাইন স্টার-এ গত বুধবার কার্টুনটি প্রকাশিত হয়। একই দিনে পত্রিকাটি ‘তাঁদের অর্থ ফেরত দিন’ শীর্ষক সম্পাদকীয় কলাম ছাপে
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধার নিয়ে ফিলিপাইন স্টার-এ গত বুধবার কার্টুনটি প্রকাশিত হয়। একই দিনে পত্রিকাটি ‘তাঁদের অর্থ ফেরত দিন’ শীর্ষক সম্পাদকীয় কলাম ছাপে

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধারে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ফিলিপাইনের বিচার বিভাগ (ডিওজে)।
এর আগে ফিলিপাইনের সিনেট ব্লু রিবন কমিটি অর্থ উদ্ধার বিষয়ে পুনরায় তদন্ত শুরু করতে তাদের অনাগ্রহের কথা জানিয়ে বলেছিল, ডিওজে ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রল এনজি পিলিপিনাস (বিএসপি) এ ব্যাপারে সহায়তা দিতে পারে।
চুরি হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল বর্তমানে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফরে রয়েছে। ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের নেতৃত্বে সফররত প্রতিনিধিদলটি বিচারসচিব ভিটালিয়ানো অ্যাগুইরের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় তারা ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ও ঘটনায় জড়িত এ ব্যাংকেরই মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো, ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ং এবং রেমিট্যান্স প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস করপোরেশনের বিরুদ্ধে দায়ের হওয়া মানি লল্ডারিং মামলা পুনরায় চালুর বিষয়ে আলোচনা করেন।
রুদ্ধদ্বার এ বৈঠকের পরে বাংলাদেশের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি যে ফিলিপাইন আমাদের দেড় কোটি মার্কিন ডলার ফেরত নেওয়ার ব্যাপারে সহযোগিতা করবে।’
এদিকে ভিটালিয়ানো অ্যাগুইরে এক টেক্সট মেসেজ বা খুদে বার্তায় জানান, বাংলাদেশকে অর্থ ফেরত নেওয়ার বিষয়ে ফিলিপাইন সরকার সহায়তা করবে। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষে ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলের কাছে যাবে বিচার বিভাগ (ডিওজে)।
জন গোমেজ জানান, রিজার্ভের অর্থ উদ্ধার বিষয়ে আরেকটি শুনানি শুরু করতে তাঁরা সিনেট প্রেসিডেন্ট কোকো পিমেনটেলকে অনুরোধ করেছেন। তাঁরা সিনেটের ব্লু রিবন কমিটির চেয়ারম্যান রিচার্ড গর্ডনের সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে তিনি জানান।
ডিওজের সঙ্গে বৈঠককালে জন গোমেজের সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। ফিলিপাইনের সলিসিটর জেনারেল হোসে কালিদা এবং এএমএলসি ও বিএসপির কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁদের।
অজ্ঞাতনামা সাইবার অপরাধীরা নিউইয়র্ক ফেডে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে গত ৪ ও ৫ ফেব্রুয়ারি ১০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তবে তারা ফিলিপাইনে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নিতে সক্ষম হয়। এই অর্থ যায় সেই দেশের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার চারটি হিসাবে। সেখান থেকে তা আবার ক্যাসিনো হয়ে অজ্ঞাত কোথাও সরিয়ে নেয় জালিয়াত চক্র।