অর্থ ও লোকবলের সংকটে ইঞ্জিন মেরামত কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত করা একটি রেলওয়ে ইঞ্জিন l প্রথম আলো
পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত করা একটি রেলওয়ে ইঞ্জিন l প্রথম আলো

কম অর্থ বরাদ্দ আর লোকবলের সংকটে পড়েছে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা)। এ কারণে চাহিদা অনুযায়ী ডিজেলচালিত রেলওয়ের লোকোমোটিভ বা ইঞ্জিন সংস্কার করতে পারছে না প্রতিষ্ঠানটি।
এতে ইঞ্জিনের সংকটে পড়ে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কেলোকাতে চলতি অর্থবছরে ২৪টি ইঞ্জিন মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গত জুলাই থেকে চলতি জানুয়ারি পর্যন্ত সাত মাসে মেরামত হয়েছে মাত্র ১০টি। আগামী জুন পর্যন্ত বড়জোর আর সাতটি ইঞ্জিন মেরামত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ২০১৩-১৪ ও ২০১২-১৩ অর্থবছরে মেরামত হয়েছিল ১৬টি করে ইঞ্জিন। আর ২০১১-১২ অর্থবছরে মেরামত হয় ২৮টি।
সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে ২৬৪টি লোকোমোটিভ আছে। ১৫ হাজার অশ্বশক্তির এসব ইঞ্জিন প্রতি ছয় বছরে একবার মেরামত বা পিরিয়ডিক্যাল ওভারহোলিং করা প্রয়োজন। তবে কেলোকার সক্ষমতা কমতে থাকায় ১০ বছর ধরে ১০৬টি ইঞ্জিন কোনো ধরনের মেরামতই করা হয়নি।
জানা যায়, ইঞ্জিন মেরামতের কাজে ব্যবহৃত ৯৯ শতাংশ যন্ত্রাংশই আমদানি করে করতে হয়। এ ছাড়া প্রতিটি লোকোমোটিভে বিদ্যুৎ সঞ্চালন করা যন্ত্রটির (ট্রাকশন) সংকট আছে কেলোকাতে। গত ২০১১-১২ অর্থবছরে কেলোকা ৭২টি নতুন ট্রাকশন কিনতে চাহিদাপত্র দিলেও আজ পর্যন্ত একটিও পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানান, কারখানায় স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে বছরে কমপক্ষে ৭২ কোটি টাকার বাজেট বরাদ্দ প্রয়োজন। সেখানে চলতি অর্থবছরে পাওয়া গেছে মাত্র ২০ কোটি টাকা। আর ৬৮১ পদের বিপরীতে কর্মী আছেন ৪৪১ জন। তার মানে, ২৪০টি পদই বর্তমানে শূন্য।

জানতে চাইলে কেলোকার প্রধান নির্বাহী (সিএক্স) মৃণাল কান্তি বণিক প্রথম আলোকে বলেন, কম বাজেট বরাদ্দ, লোকবলের সংকট ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পেতে দীর্ঘসূত্রতার কারণে উৎপাদন হ্রাস পাচ্ছে। তিনি জানান, গত অর্থবছরে বরাদ্দের চার কোটি টাকা রেল ভবনে ফেরত গেছে।

কেলোকার ট্রেড ইউনিয়ন নেতা শুভ্র কান্তি রায় বলেন, রেলওয়ের ক্রয় ব্যবস্থাপনা আধুনিক নয়। কোনো যন্ত্রাংশের প্রয়োজন হলে জানাতে হয় চট্টগ্রামের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়কে। সেখান থেকে যন্ত্রাংশ পেতে দীর্ঘ সময় লাগে। এ ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর হলে উৎপাদন স্বাভাবিক রাখা যাবে। সেই সঙ্গে বাজেট বাড়াতে হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) আবদুল মতিন চৌধুরী জানান, কেলোকার উৎপাদন হ্রাস রেলওয়ের জন্য সুখকর নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।