চীনের দেওয়া ঋণ প্রকল্পে ক্রয় আইন অনুসরণ হচ্ছে না: ইআরডি
অর্থ চীনের, ঠিকাদারও ঠিক করে দেয় চীন
চীনের দেওয়া ঋণের অর্থে কোনো প্রকল্প নেওয়া হলে চীনের ঠিকাদার নিয়োগ করতে হয়। এ ক্ষেত্রে দরপত্র আহ্বানও করা হয় না। এটাই অলিখিত শর্ত। এর ফলে চীনের ঋণে নেওয়া প্রকল্পগুলোর কেনাকাটায় সরকারি ক্রয় আইন যথাযথ অনুসরণ করা হচ্ছে না।
চীন সরকারই এসব প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত করে দেয়। দরপত্র আহ্বান করে ঠিকাদার নির্বাচন করা হয় না। আবার পণ্য ও সেবা কেনার ক্ষেত্রে শুধু চীন থেকেই নেওয়া হয়।
সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি করা একটি প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কেনাকাটায় আইনের ব্যত্যয় ঘটায় ইআরডির ওই প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে।
বর্তমানে চীনের অর্থায়নে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রকল্পগুলো হলো থ্রিজি প্রচলন, শাহজালাল সার কারখানা নির্মাণ, পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ইনফো সরকার। এসব প্রকল্পে ৭ হাজার ৬০০ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে চীন। এ ছাড়া দাশেরকান্দি পয়োশোধনাগার এবং ফোর টায়ার-জাতীয় ডেটা সেন্টার প্রকল্পেও চীন অর্থ দেবে। এ দুটি প্রকল্প ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন দেওয়া হয়েছে। এ দুটি প্রকল্পে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা দেবে চীনের এক্সিম ব্যাংক।
এ সম্পর্কে জানতে চাইলে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, কোনো প্রকল্পে ঋণ নিলে চীন সরকারই ঠিকাদার ঠিক করে দেয়। এটা একধরনের আইনের ব্যত্যয়। বাংলাদেশ চায় অন্তত চীনের ঠিকাদারদের মধ্যে সীমিত পরিসরে দরপত্র আহ্বান হোক। এ প্রস্তাবে চীনের নীতিগত সমর্থন রয়েছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে ঠিকাদার নিয়োগের ফলে ক্রয় আইন ও সরকারি ক্রয় বিধিমালার ব্যত্যয় হচ্ছে। এ ছাড়া স্বচ্ছতার অভাবও থাকছে। এ সমস্যা দূর করতে বিভিন্ন সময়ে ইআরডির পক্ষ থেকে ঢাকার চীনা দূতাবাস ও চীনের বাণিজ্য মন্ত্রণালয়কে একাধিক চিঠি দেওয়া হয়েছে। তারা নীতিগতভাবে বিষয়টি সমর্থন করলেও এখন পর্যন্ত লিখিত জবাব দেয়নি।
চীনের দেওয়া ঋণের অন্যতম শর্ত হলো, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তাই ঠিকাদার নির্বাচনে স্বচ্ছতা আনতে চীনা ঠিকাদারদের মধ্যে সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণের সুপারিশ করেছে ইআরডি। ভারতীয় ১০০ কোটি ডলারের ঋণের ক্ষেত্রে এ পদ্ধতি অনুসরণ হয়েছে।
বর্তমান আইনে উন্মুক্ত ও সীমিত—এ দুই ধরনের দরপত্র পদ্ধতি রয়েছে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠান দাপ্তরিক প্রাক্কলিত মূল্য, অর্থাৎ কত টাকায় কাজ বা সেবা কিনতে আগ্রহী, তা উল্লেখ থাকে না। আর সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) তা উল্লেখ থাকে। এ পদ্ধতিতে দুই কোটি টাকা পর্যন্ত কেনাকাটা করে থাকে সরকারি প্রতিষ্ঠানগুলো। কোন কোন দেশের প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিতে পারবে, তা-ও উল্লেখ থাকে।
অন্যদিকে শর্তানুযায়ী, চীনের অর্থায়নের প্রকল্পে পণ্য ও সেবাও কিনতে হয় চীন থেকে। এতে পণ্য ও সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে ইআরডি।
এ ছাড়া যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়। ইআরডি বলছে, এতে প্রকল্পের মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতার প্রশ্ন উঠতে পারে। তাই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কিংবা স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে ইআরডি।