অর্থ জালিয়াতির কারণে সিটি গ্রুপের মুনাফায় ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী প্রতিষ্ঠানের আর্থিক জালিয়াতির ঘটনায় মার্কিন ব্যাংক সিটি গ্রুপের চতুর্থ প্রান্তিকে মুনাফা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে পুরো বছরের মুনাফায়।
সিটি গ্রুপ বলছে, এ ঘটনায় প্রতিষ্ঠানটির বার্ষিক নিট আয় ১৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ১৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াতে পারে।
এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে সিটি গ্রুপ। সিটি গ্রুপের প্রধান নির্বাহী মাইকেল করব্যাট বলেন, অর্থ জালিয়াতির ঘটনায় ‘দ্রুত ব্যবস্থা’ নেওয়া হয়েছে। মেক্সিকোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে কাজ চলছে।
সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বানকো ন্যাসিওনাল ডি মেক্সিকো বা বানামেক্স মেক্সিকোর ওশানোগ্রাফিয়া (ওএসএ) নামের তেল সরবরাহকারী একটি প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদি ঋণ দেওয়াকে কেন্দ্র করে এই আর্থিক জালিয়াতির ঘটনা ঘটে।
এর আগে ওএসএ রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পিমেক্সের সঙ্গে চুক্তি ভঙ্গ করায় গত ফেব্রুয়ারি মাসে মেক্সিকোর দুর্নীতি দমন সংস্থা ২১ মাসের জন্য ওএসএকে সরকারি নিলামে অংশ নেওয়া নিষিদ্ধ করে।
এরই পরিপ্রেক্ষিতে সিটি গ্রুপ ও পিমেক্স তাদের এএসএ-সংশ্লিষ্ট হিসাব তদন্ত করে। এ সময় আর্থিক অসংগতির বিষয়টি উঠে আসে।
করব্যাট এক বিবৃতিতে বলেন, চালানের মাধ্যমে এই জালিয়াতির ঘটনা সংঘটিত হওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। এতে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ঘাপলা হয়েছে বলেও জানান তিনি।
আর্থিক জালিয়াতির এ ঘটনা প্রতিষ্ঠানের ২০১৩ সালের আয়ে বড় ধরনের প্রভাব ফেলবে। এমনকি এতে কোম্পানির বিশ্বাসযোগ্যতায়ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।