অর্থ পাচার রোধে বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএমএফের বার্ষিক সম্মেলনে গভর্নর আতিউর রহমান (বাঁ থেকে দ্বিতীয়)
আইএমএফের বার্ষিক সম্মেলনে গভর্নর আতিউর রহমান (বাঁ থেকে দ্বিতীয়)

বাংলাদেশ থেকে অবৈধ অর্থের পাচার ঠেকাতে বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুজাতিক উন্নয়ন সংস্থার সহায়তা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত রোববার শেষ হওয়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলনে ‘অবৈধ অর্থপ্রবাহ এবং ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা’ শীর্ষক এক প্যানেল আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
এই প্যানেল আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ২০১১ সালে বাংলাদেশ থেকে ১১৭ কোটি ডলার পাচার হয়েছে, যা ওই বছরের মোট রাজস্ব আয়ের ১১ শতাংশ। এই অর্থ ২০১১ সালে বিভিন্ন দাতাদেশ ও সংস্থা থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক উন্নয়ন সহায়তা তহবিলের (ওডিএ) মোট অর্থের ৭৮ দশমিক ৫ শতাংশ।
অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এ ব্যাপারে বিশ্বব্যাংকের কারিগরি সহায়তা চান আতিউর রহমান। ওয়াশিংটন থেকে ফোনে তিনি জানান, তাঁর এ আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছেন বিশ্বব্যাংকের দুজন ভাইস প্রেসিডেন্ট।
পাশাপাশি বিশ্বের যেসব দেশে বাংলাদেশের নাগরিকেরা সেকেন্ড হোম বা বিদেশে আবাসস্থান প্রকল্পের আওতায় বাড়ি কিনছেন, তাঁরা যেন পাচার করে আনা অর্থ সেখানে বিনিয়োগ করতে না পারেন, সে ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশগুলোর সহায়তা কামনা করে গভর্নর বক্তব্য দেন।
এ প্রসঙ্গে আতিউর রহমান বৈঠকে বলেন, বাংলাদেশ শুরু থেকেই অবৈধ অর্থের প্রবাহ ঠেকাতে কার্যকর ভূমিকা রেখে এসেছে। এরই পদক্ষেপ হিসেবে ২০০২ সালেই বাংলাদেশ ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন’ প্রণয়ন করেছে। ২০০৮ সালে জঙ্গি অর্থায়ন প্রতিরোধে ‘সন্ত্রাসী অর্থায়ন কার্যক্রম প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হয়েছে। আন্তদেশীয় সীমান্ত বাণিজ্যের মাধ্যমে অর্থ পাচার ঠেকাতে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় একটি পৃথক বিভাগ গঠন করা হয়েছে।
গভর্নর বলেন, এসব আইনের মাধ্যমে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে বিদেশ থেকে দুই কোটি ৯০ লাখ ডলার দেশে ফেরত আনা হয়েছে। টাকার অঙ্কে ফিরিয়ে আনা অর্থের পরিমাণ নগণ্য হলেও তা অবৈধ অর্থ পাচারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের ইঙ্গিতই বহন করে।
অর্থের পাচার ঠেকাতে পদক্ষেপগুলোই যথেষ্ট নয়, সে ক্ষেত্রে আরও উন্নতি করার সুযোগ আছে বলে মনে করেন আতিউর রহমান। তিনি বলেন, পাচারের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ চুরি ঠেকাতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর আরও কাজ করার সুযোগ আছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, উন্নয়নশীল দেশগুলো থেকে বছরে ৯৫ হাজার কোটি ডলার পাচার হয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের অর্থ পাচার সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করে।
এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক গ্রুপের ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট লিওনার্দ ফ্রাংক ম্যাককার্থি, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পরিচালক মারিও মার্সেলসহ কয়েকটি দেশের মন্ত্রী ও সচিব।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর রোববার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে আইএমএফ আয়োজিত অপর এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন। এ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মূল্যবোধ ও অর্থব্যবস্থা’। সেখানে তিনি বলেন, অগ্রসর অর্থনীতির দেশগুলোর অল্প সময়ে অধিক লাভ করার চেষ্টা সাম্প্রতিক বিশ্ব আর্থিক মন্দার অন্যতম প্রধান কারণ।