অর্থ পাচার রোধে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন
বিনিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা অনেক সময় অর্থ পাচারে বাধ্য করে। এ ছাড়া সরকারি তহবিলের দুর্নীতির কারণেও পাচার হয় অর্থ। রাজনৈতিক সদিচ্ছা পারে অর্থ পাচার রোধ করতে।
‘অবৈধ অর্থ পাচার এবং আমাদের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক গোলটেবিলে আলোচনায় বক্তারা এ কথা বলেন। দৈনিক বণিক বার্তা ও ইক্যুইটিবিডি গতকাল শনিবার এ গোলটেবিলের আয়োজন করে।
মূল প্রবন্ধে ইক্যুইটিবিডির ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের সমন্বয়ক আহসানুল করিম বলেন, ২০১৪ সালে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশে অবৈধভাবে চলে যায় তা দেশের মোট জিডিপির ৭ শতাংশ। ২০১৩ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ এর আগের বছরের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেড়ে যায় এবং মালয়েশিয়ায় দ্বিতীয় নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান বিশ্বে তৃতীয়।
আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থ পাচার রোধে কঠোর আইন-বিধি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোকে শক্তিশালী করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম বলেন, বিনিয়োগের ক্ষেত্রে আইনি নানা জটিলতা এবং নানা বিড়ম্বনা অনেক সময় মানুষকে অর্থ পাচারে বাধ্য করে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, রাজনৈতিক নিশ্চয়তা ও সুশাসন না থাকলে অর্থ পাচার বন্ধ করা যাবে না।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, সরকারের অনেক অর্জন আছে। কিন্তু দুর্নীতি এ অর্জন ম্লান করে দিচ্ছে। এর রাশ টেনে ধরতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির নেতা ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক জামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল তিতুমীর, ইক্যুইটিবিডির প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী। সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।