কক্সবাজারে অনুষ্ঠিত পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ক্যামেলকো) এক সম্মেলনে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ঐক্যবদ্ধভাবে রোধের আহ্বান জানানো হয়েছে।
দুই দিনব্যাপী এই সম্মেলন গতকাল শনিবার শেষ হয়েছে। সম্মেলনের উদ্বোধন ও সমাপনী উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মো. রাজী হাসান। সম্মেলনে পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন।
বিএফআইইউর প্রধান দেবপ্রসাদ দেবনাথের সভাপতিত্বে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার আমজাদ হোসেন ও স্বপন কুমার বালা। এতে বক্তব্য দেন বিএসইসির নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী, ডিএসইর এমডি কে এ এম মাজেদুর রহমান, সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি আহমেদ রাশীদ।