অর্থ পাচারে শীর্ষে এশিয়া
উন্নয়নশীল বিশ্বে প্রতিবছরই বাড়ছে অর্থের পাচার। ২০০৪ থেকে ২০১৩—এই ১০ বছরে উন্নয়নশীল বিভিন্ন দেশ থেকে পাচার হয়েছে ৭ লাখ ৮০ হাজার কোটি বা ৭ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। একক মহাদেশ হিসেবে টাকা পাচারের শীর্ষে আছে এশিয়া। আর দেশ হিসেবে সবচেয়ে বেশি অর্থ পাচার হচ্ছে চীন থেকে। বিশ্বব্যাপী অবৈধ অর্থের পাচার নিয়ে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) করা এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
‘উন্নয়নশীল বিশ্বে অবৈধ অর্থের প্রবাহ: ২০০৪-২০১৩’ শীর্ষক জিএফআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ২০১৩ সালে উন্নয়নশীল ও অগ্রসরমাণ অর্থনীতির দেশগুলো থেকে পাচার হয়েছে ১ দশমিক ১ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি মার্কিন ডলার। এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, গত ১০ বছরের এই সময়ে প্রতিবছরই অবৈধ অর্থের পাচার বেড়েছে। ২০০৪ সালে যেখানে পাচার হওয়া মোট অর্থের পরিমাণ ছিল ৪৬ হাজার ৫৩০ কোটি মার্কিন ডলার, সেটি বাড়তে বাড়তে ২০১১ সালে প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে ঠেকে, যা ২০১৩ সালে আরও বেড়েছে। এই সময়ে অর্থের পাচারে গড় বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৬ শতাংশ।
মহাদেশের বিবেচনায় গত ১০ বছরে পাচার হওয়া মোট অর্থের ৩৮ দশমিক ৮ শতাংশ অর্থ পাচার হয়েছে শুধু এশিয়া থেকে। উন্নয়নশীল ইউরোপের দেশগুলো থেকে পাচার হয়েছে ২৫ দশমিক ৫ শতাংশ, পশ্চিমা দেশগুলো থেকে ২০ শতাংশ, সাব-সাহারান আফ্রিকা থেকে ৮ দশমিক ৬ শতাংশ অর্থ পাচার হয়েছে।
একইভাবে অর্থ পাচারের বার্ষিক প্রবৃদ্ধিতেও এগিয়ে আছে এশিয়া। এ অঞ্চলে অর্থ পাচারের গড় প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৬ শতাংশ, যা বৈশ্বিক প্রবৃদ্ধির থেকে ২ শতাংশ বেশি।
অবৈধ অর্থ কীভাবে পাচার হয় সেটি বের করতে দুটি পদ্ধতি ব্যবহার করেছে জিএফআই। একটি হলো আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভুয়া চালান দেখিয়ে পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে বেশি হারে দেখানো, অপরটি হলো লেনদেনে গরমিল। এর মধ্যে ভুয়া চালান দেখিয়ে পাচার করা অর্থের ৮৩ শতাংশ পাচার করা হয়েছে।
অর্থ পাচারে একক দেশ হিসেবে শীর্ষে আছে চীন। চীন থেকে গত ১০ বছরে মোট পাচার হয়েছে ১ লাখ ৩৯ হাজার কোটি ডলার, আর গড়ে প্রতিবছর পাচার হয়েছে ১৩ হাজার ৯২৩ কোটি ডলার। চীনের পর এ তালিকার দ্বিতীয় স্থানে আছে রাশিয়া। দেশটি থেকে গত ১০ বছরে মোট ১ লাখ ৫ হাজার কোটি ডলার পাচার হয়েছে, প্রতিবছর গড়ে পাচার হয়েছে ১০ হাজার ৪৯৮ কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা মেক্সিকো থেকে গত ১০ বছরে ৫২ হাজার ৮৪৪ কোটি ডলার, চতুর্থ স্থানে থাকা ভারত থেকে ৫১ হাজার কোটি ডলার আর পঞ্চম স্থানে থাকা মালয়েশিয়া থেকে পাচার হয়েছে ৪১ হাজার ৮৫৪ কোটি ডলার।
জিএফআইর প্রেসিডেন্ট রেমন্ড বেকার প্রতিবেদন প্রসঙ্গে বলেন, অবৈধ অর্থের পাচার যে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির জন্য সবচেয়ে ক্ষতিকর, এই গবেষণায় সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। অবৈধ অর্থের পাচার ঠেকানো গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অর্থের সংস্থান করা কঠিন কোনো বিষয় হবে না।