অর্থ পাচারের পেছনে রাজনৈতিক অর্থনীতি
বিদেশে অর্থ পাচার বা বেনামে সম্পদ গড়ে তোলার সঙ্গে রাজনৈতিক অর্থনীতি জড়িত। অবৈধ সম্পদ পাচার রোধে সেই রাজনৈতিক অর্থনীতি মোকাবিলার সামর্থ্য বা শক্তি প্রশাসন ও সরকারের রয়েছে কি না, সেটাই এখন দেখার বিষয়। সম্প্রতি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা পানামা পেপারস কেলেঙ্কারি-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন। ২০১৬-১৭ অর্থবছরের বাজেট সামনে রেখে সিপিডির সুপারিশ তুলে ধরতে গতকাল রোববার ঢাকায় সিরডাপে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেবপ্রিয় বলেন, অতীতে বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত অনেকের নাম এসেছে। ভবিষ্যতেও আরও নাম বেরোবে। কিন্তু সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সরকারের মনোবল আছে কি না, সেটিই দেখার বিষয়।
অর্থ পাচার রোধে করণীয় বিষয়ে দেবপ্রিয় বলেন, ব্যক্তিগত আয়সহ সব ধরনের সম্পত্তিকে আইনি কাঠামোর মধ্যে এনে বেনামি সম্পত্তি ঘোষণার সুযোগ দিতে হবে। এরপরও কেউ সেই সুযোগ না নিলে তাদের গুরুতর শাস্তির মুখোমুখি করা উচিত।