অর্থ পাচারের ৮০ ভাগই বাণিজ্যভিত্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রায় ৮০ ভাগই বাণিজ্যভিত্তিক লেনদেনের মাধ্যমে। যার উল্লেখযোগ্য একটি অংশই আবার সংঘটিত হচ্ছে চোরাচালানের মাধ্যমে।
চোরাচালান নিরোধ কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পুনর্গঠিত চোরাচালান নিরোধ কেন্দ্রীয় টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এনবিআরের চেয়ারম্যান এ কথা বলেন। তিনি আরও বলেন, সময়ের ধারাবাহিকতায় চোরাচালানের নতুন নতুন ধারণা ও ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
গতকাল রোববার সেগুনবাগিচার এনবিআরের সম্মেলনকক্ষে টাস্কফোর্সের এ সভা অনুষ্ঠিত হয়। এনবিআরের চেয়ারম্যান এ টাস্কফোর্সের সভাপতি। সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, পুলিশ সদর দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র্যা ব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টাস্কফোর্সের সদস্যসচিব এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান তাঁর বক্তব্যে চোরাচালান নিরোধ কেন্দ্রীয় টাস্কফোর্স পুনর্গঠনের প্রেক্ষাপট আলোচনা করে এর কার্যাবলির নতুন ক্ষেত্র তুলে ধরেন।
১৯৮৬ সালে প্রথম এ ধরনের টাস্কফোর্স গঠন করা হয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ কমিটি পুনর্গঠন করে নতুন টাস্কফোর্স করা হয়।