বিদেশে বিনিয়োগের জন্য বাংলাদেশ থেকে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। এ জন্য বিদ্যমান বিকল্প বিনিয়োগ নীতিমালা ২০১৫ সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বিল্ডের আর্থিক খাত উন্নয়নবিষয়ক ওয়ার্কিং কমিটির (এফএসডিডব্লিউসি) এক সভায় এ সুপারিশ করা হয়। সভায় ভেঞ্চার ক্যাপিটাল, এসএমই অর্থায়ন নীতিমালা সহজ করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশে সবুজ অর্থায়ন বা গ্রিন ফিন্যান্সিং নীতিমালা সহজ করার বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান বৈঠকটি যৌথভাবে পরিচালনা করেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি