অর্থ ফেরতের পথ খুঁজছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের বাকি অর্থ ফেরত আনার পথ খুঁজছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল রোববার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘বাকি অর্থ আনার ব্যাপারে কী করব, তা নিয়ে আগে নিজেরা আলোচনা করতে চাই। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের অভিমত চাওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এক বছর তো হয়ে গেল। এখনো পুরো অর্থ পেলাম না।’
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার গত ফেব্রুয়ারিতে চুরি যায়। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এ ব্যাপারে দায়ী বলে চিহ্নিত হয়।
ফিলিপাইনের এক ক্যাসিনো মালিকের কাছ থেকে উদ্ধার করে ইতিমধ্যে বাংলাদেশকে দেড় কোটি ডলার ফেরত দেয় ফিলিপাইন। দেশটি আরও ২ কোটি ৯০ লাখ ডলার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে রেখে দিয়েছে। বাংলাদেশকে ফেরত দেয়নি।
গত ডিসেম্বরে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফিলিপাইনে গিয়েও অর্থ উদ্ধারের কোনো গতি করতে পারেনি। দলটি ফিরে আসার পর অর্থমন্ত্রী বলেছিলেন, ‘আরসিবিসির মাধ্যমেই বাংলাদেশের রিজার্ভের অর্থ ক্যাসিনোতে গেছে। কাজেই এই অর্থ আরসিবিসি কীভাবে দাবি করে? চুরি যাওয়া অর্থ কীভাবে তাদের সম্পত্তি হতে পারে তা আমাদের কাছে বোধগম্য নয়।’
রিজার্ভ চুরির ওপর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদন এখন প্রকাশের অপেক্ষায় আছে।