অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হতে ৩-৫ মাস লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হোটেলে গতকাল মানি লন্ডারিং-সংক্রান্ত এক শুনানির সময় বক্তব্য দেন সেই দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ l ছবি: এএফপি
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হোটেলে গতকাল মানি লন্ডারিং-সংক্রান্ত এক শুনানির সময় বক্তব্য দেন সেই দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ l ছবি: এএফপি

বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থের বিষয়ে ফিলিপাইন সিনেট কমিটির শুনানির শেষ দিনে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কমিশনের কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে তিন থেকে পাঁচ মাস সময় লাগবে।
গতকাল বৃহস্পতিবার সিনেট কমিটির শুনানি শেষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট চূড়ান্ত করবে।
শুনানিতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে যত টাকা চুরি হয়েছে, তার সবটাই ফিলিপাইনে এসেছে। ইতিমধ্যে উদ্ধার করা টাকা ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার কথা বলে উদ্ধার করা টাকা ফেরত না দেওয়াটা দুঃখজনক।
বাংলাদেশের চুরি যাওয়া টাকা নিয়ে ফিলিপাইনের সিনেটের ব্লু রিবন কমিটির চেয়ারম্যান থিউফিসতো গিংগোনার সভাপতিত্বে এই শুনানি গতকাল বৃহস্পতিবার বেভিউ পার্ক হোটেলে অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুনানি শুরুর সময় হোটেলের সম্মেলন কক্ষ ছিল পরিপূর্ণ। জন গোমেজ ছাড়াও বাংলাদেশ দূতাবাসের পাঁচ প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন।
শুনানিতে সিনেটর হুয়ান পনসে এনরিকে বলেন, টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে। সেই চুরির সঙ্গে ফিলিপাইন জড়িয়ে পড়েছে। তিনি রাষ্ট্রদূত জন গোমেজের কাছে জানতে চান, বাংলাদেশ সরকার এ পর্যন্ত কী কী ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রদূত ফিলিপাইন সরকার ও সিনেটের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংক ঘটনা জানার পরপরই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে ঘটনা অবহিত করে। বাংলাদেশ ইতিমধ্যে টাকা চুরি যাওয়ার মামলা করেছে, ব্যাংকের গভর্নর দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এফবিআই যে তদন্ত করছে, তাতে বাংলাদেশ সহায়তা করছে। বাংলাদেশের সিআইডি ঘটনা তদন্ত করছে, সিআইডি ফিলিপাইনেও এসেছিল, বিভিন্নজনের সঙ্গে কথা বলেছে। কিছুদিন আগে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সুইফটের প্রতিনিধি সুইজারল্যান্ডে বৈঠক করেছেন। এ সময় টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতির কথা বলা হয়েছে।
শুনানিতে রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, চুরি হওয়া টাকা ফিলিপাইনে এসেছে এবং সেই টাকা আরসিবিসি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে। সেই টাকা এখানকার মানুষের কাছেই গেছে। চুরির সঙ্গে জড়িয়ে ফিলিপাইন কিছুটা অস্বস্তিতে পড়েছে ঠিকই, কিন্তু দুই দেশের সম্পর্ক নষ্ট হয়ে যায়নি, দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এই টাকা আমরা ফেরত পাব।’
শুনানিতে অ্যান্টি মানি লন্ডারিং কমিশনের (এএমএলসি) কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া কবে শুরু হবে। কমিশনের নির্বাহী পরিচালক জুলিয়া বাকে আবাদ এ সময় বলেন, তিন থেকে পাঁচ মাস সময় লাগবে।
জন গোমেজ বলেন, ‘আমরা একটা শূন্য অবস্থায় থাকতে পারি না।’ তখন কমিটির সভাপতি বলেন, অ্যান্টি মানি লন্ডারিং কমিশনসহ সমস্ত সংশ্লিষ্ট নির্বাহী বিভাগ এ বিষয়ে কাজ করবে। তিনি বলেন, সপ্তাহ খানেকের মধ্যে কমিটি রিপোর্ট চূড়ান্ত  করবে।
এদিকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের প্রায় অর্ধেক ৩ কোটি ৮০ লাখ ডলার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে সিনেট শুনানিতে আরও জানান জুলিয়া বাকে আবাদ। তিনি বলেন, ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ংয়ের ফেরত দেওয়া দেড় কোটি ডলার এখন এএমএলসির হেফাজতে আছে। চুরি যাওয়া অর্থের ২ কোটি ৮০ লাখ ডলার সোলাইরি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর কাছে আছে বলেও জানান তিনি। তিনি জানান, আদালত সোলাইরির কাছে থাকা ২ কোটি ৮০ লাখ ডলার প্রথমে জব্দ করার আদেশ দিলেও পরে তা প্রত্যাহার করা হয়। এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই অর্থের বাইরে এখনো ১ কোটি ৭০ লাখ ডলারের অবস্থান সম্পর্কে এএমএলসি এখনো নিশ্চিত নয়।
অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিসেস করপোরেশনের কাছে এই অর্থ থাকতে পারে বলে সিনেটকে জানান জুলিয়া আবাদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৬ কোটি ডলারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি। বাকি ২ কোটি ১০ লাখ ডলার কোথায় আছে, সেটি আমরা এখনো খুঁজছি।’ বাকি অর্থের একটি অংশ ব্যবসায়ী ওয়েক্যাং ঝুর কাছে থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে জুলিয়া বলেন, ‘আমাদের ধারণা, এই অর্থের একটি অংশ তাঁর কাছে আছে।’
কিম ওয়ংয়ের কাছে দেড় কোটি ডলারের বাইরে আর কোনো অর্থ আছে কি না, সিনেটের এমন প্রশ্নের জবাবে ওয়ং জানান, ‘আমার কাছে আর নেই, ফিলরেমের কাছে আছে।’
শুনানি শেষ: বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে সিনেট কমিটির শুনানি আর হচ্ছে না। কমিটির দুজন গুরুত্বপূর্ণ সদস্য নতুন করে নির্বাচিত হতে না পারায় কমিটি আর শুনানি করবে না। এ দুজন হলেন কমিটির চেয়ারম্যান থিউফিসতো গিংগোনা এবং সিনেটের ব্যাংক কমিটির চেয়ারম্যান সার্জিও ওসমেনা। থিউফিসতো গিংগোনা এ তথ্য জানিয়ে বলেছেন, সিনেট কমিটি আর তদন্ত না করলেও দেশটির অন্যান্য সংস্থা তদন্ত চালিয়ে যাবে।