অর্থ বিল ব্যবসাবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ বিল ২০১৬–এর ওপর গতকাল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত সম্মেলনে অতিথিরা l প্রথম আলো
অর্থ বিল ২০১৬–এর ওপর গতকাল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত সম্মেলনে অতিথিরা l প্রথম আলো

নতুন অর্থ বিল ব্যবসাবান্ধব নয়। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটও বিনিয়োগবান্ধব নয়। শিগগির অর্থ বিলে সংশোধন আনা দরকার। আবার পাস হওয়ার আগে বাজেটকেও করা দরকার বাস্তবসম্মত।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কার্যালয়ে অনুষ্ঠিত পেশাজীবী সংস্থাটির সদস্য সম্মেলনে এমন সব দাবি ও মত উঠে এসেছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পারভেজ ইকবাল ছিলেন বিশেষ অতিথি। আইসিএবির সভাপতি কামরুল আবেদীন সম্মেলনে স্বাগত বক্তব্য দেন।
আর সম্মেলন সঞ্চালনা করেন আইসিএবির কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি হুমায়ুন কবীর। এতে প্রস্তাবিত অর্থ বিলের সংশোধনবিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন সনদপ্রাপ্ত হিসাববিদ ফার্ম স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার স্নেহাশীষ বড়ুয়া।
প্রবন্ধে অর্থ বিল, ২০১৬ সংশোধনের দাবির পাশাপাশি প্রস্তাবিত বাজেটে দেশের বিনিয়োগ নিরুৎসাহিত হবে বলে আশঙ্কা করা হয়। এতে মূল্য সংযোজন কর (মূসক) নিয়ে অর্থ বিলের ৪৯ (২) ধারা, আয়কর নিয়ে ৮২ সিসি ধারা, উৎসে কর নিয়ে ৫৩ বিবি ধারা, জরিমানার সময়সীমা নিয়ে ৭৩ এ (২) ধারার সংশোধনের সুপারিশ করা হয়।
এ ছাড়া চলতি অর্থবছরের মূল বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের তুলনা করে বলা হয়, আগামী অর্থবছরে রাজস্ব আয় ১৬ দশমিক ৪৫ শতাংশ এবং এনবিআরের আয় ১৫ দশমিক ১৮ শতাংশ বাড়িয়ে ধরা হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান পরিস্থিতিতে তা সংগ্রহ করা সরকারের পক্ষে কঠিন হবে।
কীভাবে কঠিন হবে তার একটি বিশ্লেষণও তুলে ধরা হয় প্রবন্ধে। বলা হয়, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা দেড় লাখ কোটি টাকা। এ থেকে ৯ মাসে ৭০ শতাংশ আদায় হয়েছে। আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫০ কোটি টাকা অর্জন করতে গেলে প্রকৃতপক্ষে আদায় করতে হবে ৩৫ দশমিক ৪৩ শতাংশ। এ লক্ষ্যমাত্রা অবাস্তব। কারণ, এই বাজেটে ব্যবসায়ীদের ওপর কর দেওয়ার চাপ বাড়বে।
পোশাক খাত ছাড়া করপোরেট করের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি বলে প্রবন্ধে সমালোচনা করা হয়। সমালোচনা করা হয় পোশাক খাতে উৎসে কর ১৫০ শতাংশ বৃদ্ধিরও। এই হার শূন্য দশমিক ৬ শতাংশ থেকে ১ দশমিক ৫ শতাংশ করা হয়েছে কীসের ভিত্তিতে প্রশ্ন রাখেন স্নেহাশীষ বড়ুয়া। কর ছাড়, জরিমানা, আয়কর ইত্যাদিতে অনেক অস্পষ্টতা রয়ে গেছে বলেও প্রশ্ন তোলেন তিনি।
প্রবন্ধের ওপর আলোচনায় সনদপ্রাপ্ত হিসাববিদেরা বলেন, ব্যবসা-বাণিজ্যকে উৎসাহ না দিলে যতই চাপাচাপি করা হোক না কেন, কর আদায় হবে না। তাঁরা বলেন, ব্যবসায়ীরা গাছ। গাছ বেঁচে থাকলে ফল দেবেই। মেরে ফেললে দেবে না।
এনবিআরের উদ্দেশে তাঁরা বলেন, কার কয়টা গাড়ি আছে সেই হিসাব নেওয়া হচ্ছে। কিন্তু কার কয়টা বাড়ি আছে সেই হিসাব নেওয়া হচ্ছে না। কয়জন কালোটাকার মালিক বিদেশে অর্থ পাচার করেছেন, তা সন্ধান করুক এনবিআর।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, কর এমন একটি বিষয়, যা কেউই দিতে চান না। তবে আওয়ামী লীগ সরকার সব সময় সেই চেষ্টা করে, কত কম কষ্ট দিয়ে এই কর আদায় করা যায়। তিনি বলেন, ‘একজন ভালো শল্যবিদ যেমন অস্ত্রোপচারের সময় রোগীকে তেমন কষ্ট দেন না, আওয়ামী লীগও সে রকম। মানুষকে খুব কষ্ট দেয় না।’
যে বিশেষ বিষয়ে আলোচনা হচ্ছে, তা নিয়ে নিজের জ্ঞান খুব সীমিত—সরল বাক্যে এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাহী ক্ষমতাও আমার সীমাবদ্ধ। যেহেতু আমি পূর্ণ মন্ত্রী নই।’
ব্রিটিশ, পাকিস্তান এমনকি বাংলাদেশ আমলেরও অনেক পুরোনো বিধিবিধান রয়ে গেছে জানিয়ে এগুলোর সংশোধন জরুরি হয়ে গেছে বলে মনে করেন আবদুল মান্নান। বলেন, ‘বিধিবিধান পরিবর্তন করে আমি রাজস্ব খাতকে ঢেলে সাজানোর পক্ষে।’
প্রবন্ধে যেসব বিষয় এসেছে, সেগুলোর বিষয়ে এনবিআরের সদস্য পারভেজ ইকবালকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, ‘প্রয়োজনে হিসাববিদ স্নেহাশীষের সঙ্গে বসুন। কথা বলুন।’
অর্থ বিলের যেসব বিষয় সংশোধনের দাবি উঠেছে, এনবিআরের সদস্য পারভেজ ইকবাল সেগুলোর মধ্যে অনেক দাবিরই যৌক্তিকতা খুঁজে পান বলে জানান। তবে সংশোধন করা হবে কি না, সে ব্যাপারে নিশ্চয়তা দেননি, কথাও বলেননি।