অগ্রণী ব্যাংকের এমডিকে পুনর্নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের চিঠি
অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রশ্নযোগ্য, তদন্ত চলবে

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে ‘প্রশ্নযোগ্য’ বলেছে বাংলাদেশ ব্যাংক।
অবশ্য প্রশ্ন তুলেও কেন্দ্রীয় ব্যাংক আবদুল হামিদের আবারও এমডি হওয়ার নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, নিয়োগ পেলেও তাঁর অনিয়ম-দুর্নীতি নিয়ে যে তদন্ত চলছে, তা অব্যাহত থাকবে।
গতকাল মঙ্গলবার অনুমোদনের চিঠি অগ্রণী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান জায়েদ বখ্তের কাছে পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। একই চিঠি পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছেও।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী যেকোনো ব্যাংকের এমডি নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সরকার এত দিন তা মেনেও আসছিল। এমনকি আবদুল হামিদের মেয়াদ বাড়ানোর ব্যাপারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত মাসে অগ্রণী ব্যাংকের পর্ষদকে যে সুপারিশ করে, তাতেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়ার কথা বলা হয়।
কিন্তু নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে যোগসাজশ থাকায় আবদুল হামিদের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। সরকার অনুমোদন দিতে চায়, কিন্তু বাংলাদেশ ব্যাংক রাজি নয়—এ অবস্থা চলতে চলতে আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত দিনও চলে আসে।
আর তখনই, মেয়াদের শেষ দিন গত বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের এমডিকে নিজ দায়িত্বে পুনর্নিয়োগ দেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। শুধু তা-ই নয়, এ-বিষয়ক চিঠিতে বলা হয়, ‘কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।’
বাংলাদেশ ব্যাংক গতকাল বলেছে, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিদ্ধান্তটি ব্যাংক কোম্পানি আইনের ১৫ (৪) ধারার সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার বিষয়টি প্রশ্নযোগ্য। কারণ, নিয়োগের সুনির্দিষ্ট মেয়াদ অবসানের পর পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধি বস্তুত নতুন নিয়োগ।’
বাংলাদেশ ব্যাংক চিঠিতে আরও বলেছে, পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে স্পষ্টত বলা আছে, এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ বা পদায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
তবে দুটি অনুচ্ছেদে ভাগ করা চিঠির দ্বিতীয় অংশে বাংলাদেশ ব্যাংক এমডি পদে সৈয়দ আবদুল হামিদের মেয়াদ এক বছর বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করার কথা বলেছে।
গত সোমবার অগ্রণী ব্যাংক বিশেষ পর্ষদ ডাকে। বিশেষ পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এমডি পদে সৈয়দ আবদুল হামিদকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে ওই দিনই কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হয়। এর আগে একই বিষয়ে অগ্রণী ব্যাংকের পর্ষদ আরেকটি আবেদন করে গত ৯ জুন।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, এ দুই আবেদন ব্যাংক কোম্পানি আইনের ধারার সঙ্গে সংগতিপূর্ণ। তাই ‘এমডি হিসেবে সৈয়দ আবদুল হামিদের নিয়োগের মেয়াদ আরও এক বছর বৃদ্ধির প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া যাচ্ছে।’ ঋণ মঞ্জুরি ও অনুমোদনে অগ্রণী ব্যাংকের এমডির বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে। এই তদন্ত অব্যাহত থাকবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় অগ্রণী ব্যাংকের এমডির মেয়াদ বাড়ায় ৯ জুলাই। আর কেন্দ্রীয় ব্যাংক তা আমলে না নিয়ে বরং প্রশ্ন তোলে। অগ্রণী ব্যাংকের পর্ষদের আবেদনকে ভিত্তি ধরে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে অনুমোদন দেয় গতকাল ১৪ জুলাই। কেন্দ্রীয় ব্যাংক আবার বলেনি যে, এ অনুমোদন ৯ জুলাই থেকেই কার্যকর হবে। এ বিষয়টি নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে।
মাঝখানের পাঁচ দিনের আইনি সমর্থন বা সুরক্ষা আছে কি না জানতে চাইলে জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, তিনি কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে কথা বলেছেন। বিষয়টির ধারাবাহিকতা থাকবে অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।
প্রশ্নযোগ্য উল্লেখ করেও মেয়াদ বাড়ানো হলো কেন, জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অগ্রণী ব্যাংকের পর্ষদের আবেদন ব্যাংক কোম্পানি আইনের ধারার সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার কারণেই অনুমোদন দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে তদন্তও চলবে।’ এর বাইরে কোনো কথা বলতে চাননি তিনি।
অর্থ মন্ত্রণালয় তথা সরকার যখন সরাসরি কোনো রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের এমডির পক্ষে অবস্থান নেয়, তখন ওই এমডির অনিয়ম-দুর্নীতি নিয়ে সুষ্ঠু তদন্ত করা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কতটা সম্ভব হয়—সে ব্যাপারে সন্দেহ পোষণ করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘ব্যাংক খাতে সুশাসনের স্বার্থেই কেন্দ্রীয় ব্যাংককে কঠোর হতে হবে।’