>অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিগগির যুবকের বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কেনিয়া থেকে ফিরলে বৈঠকটি ডাকা হবে। এতে আইনমন্ত্রীও থাকবেন
বিতর্কিত প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) কার্যক্রম বন্ধের ১০ বছর পার হওয়ার পর বঞ্চিত গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আবার এসেছে অর্থ মন্ত্রণালয়ের ওপর।
বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে সম্প্রতি বিষয়টি সুরাহার দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ে এসেছে।
যুবক কমিশনের পাশাপাশি আইন মন্ত্রণালয় এক বছর আগেই যুবকে প্রশাসক নিয়োগের সুপারিশ করে। বলা হয়েছিল, যুবকের স্থাবর, অস্থাবর সম্পত্তি ও দেওয়ানি দায় সুরক্ষায় কাজ করবেন ওই প্রশাসক। সেই সুপারিশ বাস্তবায়নে করণীয় জানতে চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দেশনা দেয় যে গোটা বিষয়টির সমাধানের পথ খুঁজে বের করবে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে গত মঙ্গলবার জানা গেছে, যুবকের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিগগির একটি আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বর্তমানে কেনিয়ায় রয়েছেন। তিনি সেখান থেকে ফিরলেই বৈঠকটি ডাকা হতে পারে। বৈঠকে আইনমন্ত্রীও থাকবেন।
জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন গতকাল প্রথম আলোকে বলেন, ‘যুবকের বিষয়টি একটু জটিল হয়ে গেছে। তবে আমরা আমাদের কাজ করছি।’
রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ মার্কেটে কয়েকটি দোকান ভাড়া নিয়ে ১৯৯৪ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে যুবক। ১৮৬১ সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) থেকে নিবন্ধন নেয় প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি উচ্চ সুদের বিনিময়ে আমানত সংগ্রহ ও ঋণদান কর্মসূচি চালু করে। কিন্তু এর কোনো কার্যক্রমই সরকারের নজরদারিতে আসেনি।
যুবকের প্রতারণামূলক কার্যক্রম নিয়ে ২০০৫ সালে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতে থাকলে তদন্তে নামে বাংলাদেশ ব্যাংক। ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে যুবকের অবৈধ ব্যাংকিংসহ নানা প্রতারণার চিত্র। তখনই এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর চার বছর যুবকের গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেওয়ার বিষয়ে সরকারি পর্যায়ে ফাইল নড়াচড়া হয়নি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার এক বছর পর ২০১০ সালের ২৬ জানুয়ারি যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা তৈরি এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি বেহাত না হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করে।
ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার পরে ২০১১ সালের ৫ মে সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলামকে চেয়ারম্যান করে গঠন করে দুই বছর মেয়াদি যুবক কমিশন। মেয়াদ শেষে এ কমিশন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে যুবকে প্রশাসক নিয়োগসহ ১৪টি সুনির্দিষ্ট সুপারিশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি আমলা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ আনুকূল্য বা পৃষ্ঠপোষকতায় যুবকের অশুভ উত্থান হয়। আর এ উত্থানে ভূমিকা রাখে ১৯৯৬-২০০১ সময়ের আওয়ামী লীগ এবং ২০০১-২০০৬ সময়ের বিএনপি-জামায়াত জোট সরকার। এমনকি রাষ্ট্রপতি, মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরাও যুবকের সভা, সেমিনার ও মেলার বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবককে সহায়তা করেছেন।
প্রতিবেদনে ওঠে আসে—সারা দেশে যুবকের ৯১টি জমি, ১৮টি বাড়ি ও ১৮টি কোম্পানি রয়েছে এবং প্রতারণার মাধ্যমে ৩ লাখ ৩ হাজার ৭০০ গ্রাহকের কাছ থেকে ২ হাজার ৬০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে যুবক।
প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন না করে ২০১৪ সালের জুলাইয়ে অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিষ্পত্তির পুরো দায়িত্ব দিয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়কে। বাণিজ্য মন্ত্রণালয় তখন আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে একটি প্রতিবেদনও তৈরি করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, অতি মুনাফালোভী এবং সহজ-সরল বিভিন্ন শ্রেণির শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত লোক অতি সহজে যুবকের পাতা ফাঁদে ধরা পড়ে এবং একপর্যায়ে সর্বস্বান্ত হয়ে যায়। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদনে বলা হয়, তারা শুধু যুবকের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারে, অন্য বিষয়ে তাদের তেমন কিছু করার নেই।
যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ‘যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি’ নামে ২০১৩ সালের ডিসেম্বরে একটি সংগঠন করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় যুবকের সম্পত্তি বেহাত হচ্ছে, তারপরও প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। সবার আগে সম্পত্তিগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়া দরকার।’