আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশের আগেই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য সংযোজন করের (মূসক) জটিলতা সমাধান করতে বলেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি সরকারকে একটু উদার হওয়ার পরামর্শ দিয়েছে, আর ব্যবসায়ীদের বলেছে তাঁদের মানসিকতা কিছুটা বদলাতে হবে।
জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা জানান।
আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, সাংসদ ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও আখতার জাহান অংশ নেন। বৈঠকে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, এমসিসিআই, ঢাকা চেম্বার, দোকান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আবদুর রাজ্জাক বলেন, ‘মূসক আইনে কিছু জটিলতা রয়ে গেছে। এগুলোর সমাধান করতে হবে। সরকারকে এ জন্য উদার ও বাস্তবমুখী হতে হবে। ব্যবসায়ীদেরও বুঝতে হবে যে আমাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় কর আদায়ের পরিমাণ অর্থাৎ কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে কম।’
২০১২ সালে পাস হওয়া মূসক আইন নানা জটিলতায় কার্যকর করা যাচ্ছে না উল্লেখ করে আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, সরকার আগামী ১ জুলাই থেকেই মূসক আইন বাস্তবায়ন করবে। তবে কমিটি মনে করে, ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আইনটি বাস্তবায়িত হোক।
সংসদীয় কমিটির সভাপতি অর্থমন্ত্রীর মনোভাবও সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন যে আইনটি চাপিয়ে
দেওয়া হবে না। আর আমরা বলেছি, যেসব জটিলতা রয়ে গেছে সেগুলো আগামী বাজেটের আগেই সুরাহা করতে।’
এদিকে অফশোর ব্যাংকিংয়ের নামে দেশ থেকে অর্থ পাচারের দায়ে বেসরকারি এবি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি বলেছে, গণমাধ্যমের তথ্য অনুযায়ী ব্যাংকটির মাধ্যমে চারটি প্রতিষ্ঠানের নামে ৩৪০ কোটি টাকা পাচার হয়েছে।
আবদুর রাজ্জাক বলেন, একটি প্রতিষ্ঠান (রহিমআফরোজ) ২০ লাখ ডলার বা ১৬ কোটি টাকা ফেরত দিয়েছে। আর বাংলাদেশ ব্যাংক বলেছে, পাচারের দেশীয় সুবিধাভোগীদের চিহ্নিত করার কাজ চলছে, কিছুটা সময় লাগবে।
জানতে চাইলে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মশিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, একটি প্রতিষ্ঠানের পুরো অর্থই আদায় হয়েছে। আর বাকি তিন প্রতিষ্ঠান থেকে আদায় হয়েছে ৩৯ শতাংশ, যার পরিমাণ ১৬৯ কোটি টাকা। বাকি অর্থ আদায়ের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে।