রিজার্ভের অর্থ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কেরও ‘কিছু ত্রুটি বা ব্যত্যয়’ খুঁজে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ফেডের ‘বড় ধরনের ত্রুটি বা ব্যত্যয়’-এর কারণে হ্যাকাররা রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নিতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নথিতে ফেডের এ ত্রুটির বিষয়টি তুলে ধরা হয়। সেই নথির ভিত্তিতে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের যে গোপন নথির কথা বলা হয়েছে, সেটি তৈরি করা হয়েছে ১৩ মার্চ। এর ফলে অর্থ চুরির ঘটনায় নিউইয়র্কে ব্যাংকের দায়দায়িত্বের ঘাটতির বিষয়টি আবার সামনে চলে এসেছে।
এর আগে ৮ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে যারা হ্যান্ডেল করে, তাদের কোনো গোলমাল হয়েছে। যদিও তারা অস্বীকার করেছে। তারা বলেছে তাদের কোনো দায়িত্ব নেই, এটা হতেই পারে না।’
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভের অর্থ চুরির জন্য বাংলাদেশ ব্যাংকের পাঠানো ৩০টি ‘পরামর্শ বা অ্যাডভাইস’ আটকে দেয় যুক্তরাষ্ট্রের ব্যাংকটি। যে ৩০টি পরামর্শের আরও প্রায় ৮৫ কোটি মার্কিন ডলার স্থানান্তরের নির্দেশনা ছিল। বাকি যে পাঁচটি পরামর্শ বা অ্যাডভাইসের ভিত্তিতে ১০ কোটি ১০ লাখ ডলার স্থানান্তর করা হয়েছে, সেগুলোর বিষয়েও ফেডের সন্দেহ তৈরি হয়। তাই ওই সব পরামর্শের সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে ফিরতি বার্তা পাঠানো হয়। কিন্তু সেই বার্তার জবাব যাওয়ার আগে ফেড অর্থ স্থানান্তর করে ফেলে।
এদিকে ব্লুমবার্গের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেডের কাছে আমরা বেশ কিছু বিষয় জানতে চেয়েছি। এ ঘটনায় তাদের সঙ্গে আমাদের নানা বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।’