বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ স্থানান্তর-প্রক্রিয়ায় কোনো সমস্যা বা গাফিলতি ছিল না বলে আবারও দাবি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (নিউইয়র্ক ফেড)।
মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ক্যারোলিন ম্যালোনির চিঠির জবাবে এমনটাই বলেছে নিউইয়র্ক ফেড। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সে বিষয়ে তদন্ত চেয়ে চিঠিটি দেন ম্যালোনি।
নিউইয়র্ক ফেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট থমাস ব্যাক্সটার এক চিঠিতে সব নিয়ম মানার কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রথম পাঁচটি নির্দেশনা অনুযায়ী অর্থ স্থানান্তর সম্পন্ন হয়েছে। আর ত্রুটিপূর্ণ হওয়ায় আটকে দেওয়া হয়েছে অর্থ স্থানান্তরের পরবর্তী ৩০টি নির্দেশনা। এতে হ্যাকারদের মোট ৯৫ কোটি ১০ লাখ ডলার চুরি করার পরিকল্পনা ঠেকানো সম্ভব হয়েছে। খবর রয়টার্সের।
ব্যাক্সটার জানান, অর্থ স্থানান্তর-প্রক্রিয়া ফেড এমনভাবে সাজিয়েছে যাতে গ্রাহকেরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্দেশনামতো তা তুলতে পারেন। এ ক্ষেত্রে সুইফট ম্যাসেজিং সিস্টেমের গোপন কোড সঠিক হলে তা আটকে দেওয়া ফেডের কাজ নয় বলেও তিনি উল্লেখ করেন।
এর আগেও একাধিকবার ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের দুর্বলতার কথা অস্বীকার করে নিউইয়র্ক ফেড।
গত ৪ ফেব্রুয়ারি রাতে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে।