এ সপ্তাহের সাক্ষাৎকার: দেশের অর্থনীতির অবস্থা ও এর ওপর রাজনৈতিক অস্থিরতার প্রভাব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ

প্রথম আলো: চলমান রাজনৈতিক অস্থিরতার কতটা নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর পড়বে বলে আপনি মনে করেন?
কাজী খলীকুজ্জমান আহমদ: সমস্যাটা আমাদের গোটা রাজনৈতিক প্রক্রিয়ার কারণে। দেশের আর্থসামাজিক টেকসই উন্নয়নের স্বার্থে কিছু মৌলিক বিষয় নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর একমত থাকা উচিত ছিল, যা হয়নি। আর তাই নির্বাচন এলেই হানাহানি ও সংঘাত প্রকট হয়ে ওঠে। এবারও তা হচ্ছে এবং ভয়াবহ আকারে। এর ফলে অবকাঠামো নষ্ট হচ্ছে, সরবরাহ বিঘ্নিত হচ্ছে, কৃষক পণ্যের দাম পাচ্ছে না, মানুষের আয়-উপার্জন কমে যাচ্ছে। সব মিলিয়ে আমরা অর্থনীতিতে অনেক পিছিয়ে গেলাম, যা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে। সব রাজনৈতিক দলই দেশের কথা বলে। কিন্তু তাদের কার্যকলাপ এমন হয় যে দেশের মানুষ খেতে পারে না। এটা তো রাজনীতি নয়। কাজেই দীর্ঘমেয়াদে অর্থনীতির স্বার্থে সমঝোতা থাকতে হবে।
প্রথম আলো: মৌলিক বিষয়গুলোতে কি মতৈক্য একেবারেই অসম্ভব?
কাজী খলীকুজ্জমান আহমদ: আমি তা মনে করি না। এবারের কথাই বলি। এই যে জলবায়ু বিষয়ে বৈশ্বিক কর্মকাণ্ডে বাংলাদেশের অংশগ্রহণ, সেখানে কৌশল নির্ধারণ নিয়ে কিন্তু দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে কোনো বড় ধরনের মতভেদ দেখা যায়নি। আর তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অনেক দেশের চেয়ে আমরা ভালো করছি।
প্রথম আলো: গত কয়েক বছর অর্থাৎ সরকারের পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতির কতটা অগ্রগতি হয়েছিল? এখানে সাফল্যের জায়গা কোনগুলো?
কাজী খলীকুজ্জমান আহমদ: এই সময়কালে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপকভিত্তিক অগ্রগতি হয়েছে। বিশেষত অকৃষি খাতের ব্যাপক বিস্তৃতি ঘটেছে ঋণের বা অর্থায়নের সহজলভ্যতায়। উৎপাদন ও ব্যবসা অনেক বেড়েছে। পল্লি মজুরি বেড়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ঘনীভূত হওয়ার বিবেচনায় আমরা পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) থেকে আমরা সারা দেশে পর্যায়ক্রমে ৮০০ ক্লাস্টার বা গুচ্ছ চিহ্নিত করেছি। যেমন, যশোরে মোটরগাড়ির কাঠামো তৈরি ও ফুলচাষ। এই সময়কালে প্রবাসী আয় পল্লি অর্থনীতিতে চাহিদা তৈরিতে বড় ভূমিকা রেখেছে, যদিও এই আয়ের অর্থ বিনিয়োগ হলে আরও ভালো হতো। কঠিন পরিস্থিতির মধ্যে রপ্তানি ভালো চলেছে। এখানে সরকারেরও কিছু প্রণোদনা ছিল। তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মকাণ্ড ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারণ হয়েছে, বিস্তার ঘটেছে মোবাইল ব্যাংকিংয়ের।
প্রথম আলো: কিন্তু অবকাঠামো বিনির্মাণে কাঙ্ক্ষিত সফলতা এসেছে কি?
কাজী খলীকুজ্জমান আহমদ: অবকাঠামোর ক্ষেত্রে সাফল্যের একটি জায়গা হলো গ্রামাঞ্চল পর্যন্ত রাস্তাঘাট পৌঁছে যাওয়া। এতে মানুষের চলাচল ও পণ্য সরবরাহ অনেকটাই সহজ হয়েছে। তবে বন্দর বিশেষত চট্টগ্রাম বন্দরের অবকাঠামো আরও উন্নত করার প্রয়োজন ছিল। আবার বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, বেড়েছে উৎপাদনের সক্ষমতা, কমেছে লোডশেডিং। তবে বিদু্যুৎ উৎপাদনের পুরোনো প্লান্টগুলো ভালোভাবে সংস্কার করার প্রয়োজন ছিল। আমাদের একটা বড় সমস্যা হলো, প্রকল্প গ্রহণ করা হয় কিন্তু তা আর বাস্তবায়ন হয় না। বাজেট প্রক্রিয়া ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়হীনতা রয়ে গেছে।
প্রথম আলো: দেশের দারিদ্র্য পরিস্থিতির উন্নতি হয়েছে মানে দারিদ্র্য কমেছে, যা রাষ্ট্রীয় পরিসংখ্যান থেকেই দেখা যায়। এক্ষেত্রে সরকারের অবদান কতটুকু?
কাজী খলীকুজ্জমান আহমদ: বাংলাদেশের দারিদ্র্য ধারাবাহিকভাবে কমে চলেছে। এটা বিভিন্ন সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফল। ২০০০ সালে দারিদ্র্যের হার ছিল প্রায় ৪০ শতাংশ, যা ২০১০ সালে নেমে এসেছে ৩১ দশমিক ৫০ শতাংশে। আর এখন তা প্রায় ২৭ শতাংশ বলে ধরা যায়। আফ্রিকার অনেক দেশই দারিদ্র্য কমিয়ে আনতে গিয়ে আর পারেনি। তাদের দারিদ্র্য বেড়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ বা এমডিজির বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকেও বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে লক্ষ্য পূরণের দিকে, অনেকগুলো লক্ষ্যমাত্রা অর্জিতও হয়েছে। যেমন, প্রাথমিক শিক্ষায় ভর্তির অনুপাত ২০১১ সালে প্রায় ৯৯ শতাংশ অর্জিত হয়ে গেছে। তবে আয়-বৈষম্য এখনো প্রকট রয়েছে। জিনি সহগ এখন দশমিক ৪৮। এদিকে বিশেষভাবে নজর দিতে হবে।
প্রথম আলো: আর্থিক খাতের ব্যবস্থাপনায় তো সরকারের বড় ধরনের ব্যর্থতা রয়েছে। আপনি কীভাবে এটা মূল্যায়ন করবেন?
কাজী খলীকুজ্জমান আহমদ: হ্যাঁ, আর্থিক খাতের বিষয়টি যথেষ্ট চিন্তার। অথচ বৈশ্বিক আর্থিক সংকটের সরাসরি কোনো প্রভাব আমাদের আর্থিক খাতের ওপর পড়েনি, যেহেতু আমাদের বৈশ্বিক আর্থিক সংশ্লিষ্টতা অনেক কম। তার মানে অভ্যন্তরীণভাবেই আর্থিক খাতে সমস্যা হলো। দেশের বেসরকারি ব্যাংকগুলোর মালিক দেশেরই বিভিন্ন বড় শিল্পপতি ও ব্যবসায়ী। তারা নিজেরাই নামে-বেনামে ব্যাংক থেকে ঋণ নেয় আর সময়মতো পরিশোধ করে না। ফলে খেলাপি ঋণের সংকট থেকে যাচ্ছে। এর মধ্যে এই সরকার আবার নতুন নয়টি ব্যাংক দিয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। বরং আগের ব্যাংকগুলোর অবস্থা সুসংহত করা উচিত ছিল। এভাবে ব্যাংকগুলোকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেওয়া হলো। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পাবলিক লিমিটেড কোম্পানি করার পরও এদের কোনো স্বাধীনতা নেই। পুরোনো ধাঁচের আমলাতন্ত্র আর রাজনৈতিক হস্তক্ষেপ ব্যাংকগুলোর অবস্থা খারাপ করে ফেলেছে। হল-মার্কের মতো বিরাট কেলেঙ্কারি ঘটে গেছে। সর্বোপরি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নজরদারি ও তদারকি আরও জোরদার ও কঠোর হওয়া প্রয়োজন ছিল। সেটা হয়নি।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]