এ সপ্তাহের সাক্ষাৎকার: হরতাল-অবরোধে দেশের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন

প্রথম আলো: লাগাতার হরতাল-অবরোধে আপনাদের শিল্প-বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়েছে বলে মনে করেন?
জাহাঙ্গীর আলামিন: আমাদের শিল্পের ধরনটি ভিন্ন। ২৪ ঘণ্টা কাজ চালাতে হয়। ৩৬৫ দিনই মিল উৎপাদনে রাখতে হয়। অন্য খাতের মতো এমনকি তৈরি পোশাকের মতো পরের ধাপে (শিফটে) কিংবা বন্ধের মধ্যে বেশি সময় উৎপাদন করে পুষিয়ে নেওয়ার সুযোগ নেই। কিন্তু, এখন কোনো কাজ সময়মতো হচ্ছে না। প্রতি মাসে ১২ হাজার ট্রাক লাগে তুলা ও সুতা পরিবহনে। হরতাল-অবরোধে জীবন ও যানের ক্ষতির আশঙ্কায় ট্রাকের মালিকেরা ১৫ হাজার টাকার ভাড়া এখন এক লাখ টাকার ওপরে দাবি করছেন। তুলা আনা যাচ্ছে না। উৎপাদিত সুতাও এখন তৈরি পোশাক কারখানায় পৌঁছানো যাচ্ছে না। কীভাবে এর সমাধান হবে আমার জানা নেই। বস্ত্র খাতে একটা ভালো প্রবৃদ্ধি হচ্ছিল। নভেম্বর পর্যন্ত ১১ মাসে দুই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ (নতুন ও পুরোনো সম্প্রসারণ মিলে) হয়েছে। আগে যাঁরা বিনিয়োগ করেছেন, বুঝলাম, তাঁদের একধরনের সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু, নতুন যাঁরা বিনিয়োগে এলেন, তাঁদের কী হবে? তাঁরা কীভাবে বিনিয়োগের ফল ঘরে তুলবেন? ব্যাংকের টাকাই বা কীভাবে পরিশোধ করবেন? পুরো বিনিয়োগটাই তো ঝুঁকির মধ্যে চলে গেল।
প্রথম আলো: আপনারা তো পশ্চাৎসংযোগ শিল্প। যাঁরা আপনাদের কাছ পণ্য নিয়ে পরের ধাপ উৎপাদন করে বিদেশিদের কাছে বিক্রি করেন অর্থাৎ রপ্তানি হয়, সে ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন?
জাহাঙ্গীর আলামিন: আমদানি-রপ্তানি—কোনো কাজই তো সময়মতো হচ্ছে না। আমরা অত্যন্ত শঙ্কিত। টানা এক সংকটে আমরা ঢুকে পড়েছি। এখনই যদি নির্বাচন হয়, তাতেও কী হবে, সেটা নিয়েই সংশয় আছে। আর এটা যদি আরও দীর্ঘায়িত হয়, নির্বাচনের পরেও চলে, তাহলে বিশ্বব্যাপী ক্রেতারা আমাদের থেকে সরে যাবে। কেননা ক্রেতারা কয়েক দিন অপেক্ষা করতে পারে, দীর্ঘ সময় প্রতীক্ষা করবে না। তাতে আমাদের বাজার হাতছাড়া হয়ে যাবে। এটা যে কত বড় ক্ষতি হবে, তা এখনই বোঝা যাচ্ছে না।
প্রথম আলো: দেশের সব ধরনের ব্যবসা-বাণিজ্যেও এর বড় প্রভাব পড়বে বলা হচ্ছে।
জাহাঙ্গীর আলামিন: অবশ্যই। বিগত দিনেও হরতাল-অবরোধ হয়েছে। কিন্তু সেটা টানা এভাবে হয়নি। আবার সরাসরি অর্থনীতির ওপর এমন আঘাত আগে আর কখনো আসেনি। এখন এটা চলছেই। এখন যা হচ্ছে তা রাজনীতি ও অর্থনীতিকে একত্রে ক্ষতিগ্রস্ত করার জন্য করা হচ্ছে। এটা ভয়ংকর। এর প্রতিক্রিয়া এখনই পুরোপুরি বোঝা যাচ্ছে না। কিছুদিন পর থেকে বোঝা যাবে। আগে হরতাল-অবরোধে ব্যবসা হতো, এখন ব্যবসা যা দিয়ে করব তাও নষ্ট করা হচ্ছে। ফলে এ ক্ষতি অপূরণীয় হবে। বাংলাদেশের প্রধান সমস্যা কর্মসংস্থান। বছরে ৩০ লাখ কর্মসংস্থান তৈরি হয়, মানে মাসে আড়াই লাখ। তার ভবিষ্যৎ নষ্ট হবে। আসলে প্রতি পাঁচ বছর পর পর আমাদের রাজনীতি অশান্ত হয়ে যায়। তাতে ক্ষতি হয়। সেটা পোষাতে এক বছর লাগে। পেছন থেকে আবার শুরু করে আমাদের অগ্রসর হতে হয়। আর এবার অর্থনীতি ও রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে কীভাবে উঠে দাঁড়ানো যাবে, তা জানি না। এর প্রভাব পড়বে সর্বক্ষেত্রে। সামাজিক জীবনে নানামুখী প্রভাব পড়বে। ব্যাংক, বিমাসহ সেবা খাত থেকে শুরু করে কৃষি খাত—সর্বত্রই এর প্রভাব পড়বে। বুঝলাম, আমাদের ক্ষতি পোষাতে না-হয় একধরনের ভর্তুকি দেবে সরকার। কিন্তু, কৃষক কীভাবে উঠে দাঁড়াবেন? তাঁর ফসলের ক্ষতি কীভাবে মেটানো হবে। শীত মৌসুমের সবজি যে নষ্ট হচ্ছে, সরবরাহব্যবস্থা যে ভেঙে পড়েছে, তার কী ভর্তুকি দেবে সরকার? এই আঘাত অর্থনীতির সব ক্ষেত্রে ছড়িয়ে যাবে।
প্রথম আলো: এর থেকে বের হয়ে আসার ক্ষেত্রে ব্যবসায়ীরা কি কিছু করতে পারেন না?
জাহাঙ্গীর আলামিন: আমরা ব্যবসা করি। রাজনীতি করি না। আমরা তাঁদের ব্যক্তি পর্যায়ে ও সামষ্টিকভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন করছি। কিন্তু অনুরোধ, চাপ কোনোটাই তো কাজ করছে না। এটা জাতির জন্য খুবই উদ্বেগজনক। রাজনীতিবিদদের মনে রাখতে হবে, অর্থনীতি ভেঙে গেলে তাঁরা দেশ চালাতে পারবেন না। কিসের ওপর ভিত্তি করে রাজনীতি করবেন। আমি বলব, আপনারা রাজনীতি নিয়ে যা করার করুন, কিন্তু অর্থনীতিকে মুক্ত রাখেন, সরাসরি অর্থনীতিতে আঘাত আসে এমন কাজ থেকে বিরত থাকুন। এর সমাধান রাজনীতিবিদদেরই করতে হবে। তাঁরা নির্বাচন করুক, আর যেভাবে পারেন সমাধান করুক।
[সাক্ষাৎকার নিয়েছেন মনজুর আহমেদ]