অর্থনীতি ক্ষতিকারক রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়—হরতালের মতো এমন রাজনৈতিক কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। ক্ষমতাসীন দলকেও ভবিষ্যতে হরতালের মতো কর্মসূচি না দেওয়ার অঙ্গীকার করার আহ্বান জানান তিনি। মূল্য সংযোজন কর সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা দক্ষিণ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি এ টি এম ওয়াজিউল্লাহ, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এ কাদেরসহ বিভিন্ন পর্যায়ের রাজস্ব কর্মকর্তা ও ব্যবসায়ীরা। এতে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) কমিশনার আবদুল কাফী। এ কে আজাদ আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী দুই বছর রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকবে। বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে না। আর বিনিয়োগ চলে যাচ্ছে ভিয়েতনাম ও শ্রীলঙ্কার মতো দেশে। এ কে আজাদ বলেন, ‘যাঁরা ক্ষমতায় আছেন তাঁরাও আগে হরতাল দিয়েছেন, আর বিরোধী দলও হরতাল দিচ্ছে। হরতাল ঘোষণা করে সবাই বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। অর্থনীতির স্বার্থে সবাইকে হরতালের মতো কর্মসূচি পরিহার করার আহ্বান জানান তিনি। এফবিসিসিআইয়ের সভাপতি জানান, দেশব্যাপী জনসচেতনতা বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত। বেসরকারি খাতের পক্ষ থেকে তিনি নিজেও সারা দেশে এ ধরনের কার্যক্রম পরিচালনায় আগ্রহী বলে জানান। এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, আইন প্রয়োগের পরিবর্তে জনসচেতনতা বাড়িয়ে রাজস্ব আদায় বাড়াতে চায় এনবিআর। এর উদাহরণ দিয়ে তিনি জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলের আড়াই বছরে আইন প্রয়োগের ফলাফল পরে ভালো হয়নি। তাঁর মতে, প্রশাসনিক জটিলতার কারণে মূসকসহ রাজস্ব আদায়ে বেশির ভাগ সমস্যা হয়। তাই এখন স্বয়ংক্রিয় ব্যবস্থায় কর প্রদানে জোর দেওয়া হচ্ছে। এ ছাড়া জনবল-সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর প্রদানে হয়রানি বন্ধ করার দাবি করেন বিসিআইয়ের সভাপতি এ টি এম ওয়াজিউল্লাহ। তিনি বলেন, করদাতাবান্ধব পরিবেশ তৈরি করা হলে এমনিতেই কর আদায় বাড়বে। কর দিলে সুফল পাবে আগামী প্রজন্ম। কমিশনার আবদুল কাফী বলেন, কিছুসংখ্যক ব্যবসায়ী তাঁদের যথাযথ মূসক পরিশোধ করছেন না। আবার অনেকেই নিবন্ধনই নেননি। এতে ব্যবসায়ীদের মধ্যে একটি ভারসাম্যহীন প্রতিযোগিতা তৈরি হচ্ছে। যুগ্ম কমিশনার আরিফুর রহমান খান বলেন, জটিল আইন ও জনবল-সংকটে মূসক আহরণে নেতিবাচক প্রভাব পড়েছে।