
জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেছেন, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো এত দুর্বল, এত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে যে তা দিয়ে কোনোভাবেই এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। ব্যাংক খাতে সীমাহীন লুটপাট হচ্ছে—এমন অভিযোগ করে তিনি অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আজ রোববার সংসদে জাতীয় পার্টির এ সদস্য এসব কথা বলেন।
এর আগে চলতি ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় ৯ জুন প্রায় একই ধরনের অভিযোগ আনেন কাজী ফিরোজ রশীদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত না থাকলেও রাতে তিনি সংসদে আসেন।
ফিরোজ রশীদ আরও বলেন, ব্যাংকিং খাতের দক্ষতা বৃদ্ধির কথা বলেছেন অর্থমন্ত্রী তাঁর বাজেটে। কিন্তু ব্যাংক খাতে নৈরাজ্য চলছে। দুর্নীতি সর্বত্র ছেয়ে গেছে। ব্যাংক খাত আজ তছনছ হয়ে ভেঙে পড়েছে। বাংলাদেশ ব্যাংক, যাদের দায়িত্ব ব্যাংক খাত তদারকির, তারা আজ দুর্নীতিতে ডুবে আছে। একশ্রেণির কর্মকর্তারা দুর্নীতিতে যুক্ত হয়ে পড়ার কারণে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সোনালী, জনতা ব্যাংকে লুটপাট হয়েছে। বেসিক ব্যাংককে ধ্বংস করা হয়েছে। ভারতের সোমনাথ মন্দিরের পর এত বড় লুটপাট আর কোথাও হয়নি।
জাপার এই নেতা বলেন, সোনালী ব্যাংকে লুটপাট হওয়ার পর অর্থমন্ত্রী সার্টিফিকেট দিলেন পরিচালনা পর্ষদ এর সঙ্গে যুক্ত নয়। ব্যাংক খাত থেকে ১১ হাজার কোটি টাকা লুটপাট করা হল, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হল না। তিনি বলেন, বিএনপি গত নির্বাচনের আগে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে ১১ হাজার কোটি টাকার সমান ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, পুঁজিবাজারে ধস হলো। কারা করল? লুটপাটের জন্য কাউকে আটকানো হলো না। কোনো ব্যবস্থা নেওয়া হলো না। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে পুঁজিবাজার ধসের কারণ উদঘাটনে কমিটি যে সুপারিশ করল, সে রিপোর্টের কী হলো? তিনি বলেন, ভূমি অফিসে লুটপাট হচ্ছে। সর্বত্রই টাউট-বাটপারে ছেয়ে গেছে।
রাজনৈতিক স্থিতিশীলতা খালেদার হাতে
অর্থমন্ত্রীর বাজেটকে অনুমান নির্ভর আখ্যায়িত করে জাতীয় পার্টির এই সাংসদ বলেন, অনুমানের ওপর অর্থমন্ত্রী দেশজ উত্পাদনে প্রবৃদ্ধির (জিডিপি) হার ৭ দশমিক ৩ নির্ধারণ করেছেন। অর্থমন্ত্রী বলেছেন, যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকে। এটি আল্লার হাতে। আর রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলেছেন অর্থমন্ত্রী। কিন্তু, রাজনৈতিক স্থিতিশীলতা খালেদা জিয়ার
হাতে। উনি যে হুংকার দেন। তাহলে কীভাবে জিডিপি অর্জন হবে?
মালয়েশিয়া-সিঙ্গাপুর অর্থ চলে যাচ্ছে
ফিরোজ রশীদ ৪৪ হাজার সরকারি প্লট বরাদ্দের সমালোচনা করেন। তিনি রাজউকের সাবেক একজন চেয়ারম্যানের নাম উল্লেখ না করে, তাঁকেও ভাগের অংশীদার উল্লেখ করেন। তিনি বলেন, রাজউকের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা ভাগযোগ করে খেয়ে ফেলেছেন।
ফিরোজ রশীদ বলেন, দেশে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগের ওপর কর ছাড়ের প্রস্তাব করে তিনি বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব অর্থ-সম্পদ চলে যাচ্ছে। অর্থনীতিবিদেরা বলে থাকেন দেশে অপ্রদর্শিত আয় পাঁচ-সাত লাখ কোটি টাকা, যা জিডিপির ৪২ থেকে ৪৫ ভাগ। এ টাকা বিনিয়োগ হচ্ছে না।
দেশ ঐতিহাসিকভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে মন্তব্য করে কাজী ফিরোজ রশীদ বলেন, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিত্সক, নাগরিক সমাজ সবাই বিভক্ত। চাটুকারিতায় ভরে গেছে। একদল মনে করে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ব্যাংকের পরিচালক হবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবেন। সাংবাদিকেরা সত্য তুলে ধরেন না। অর্ধেক তুলে ধরলে, আর অর্ধেক বিরোধিতা করেন।
জ্ঞানপাপীরা অর্বাচীন তারেকের চেয়ে ভয়ংকর
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাজেট বাস্তবায়নযোগ্য। তিনি আওয়ামী লীগের আমলে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অর্জন তুলে ধরেন। তবে তিনি ফিরোজ রশীদের সঙ্গে একমত হন দেশ বিভক্ত হওয়ার বিষয়ে। তিনি বলেন, দেশে কিছু জ্ঞানপাপী হয়েছে। যাঁরা সত্য বলেন না, মিথ্যাকে প্রশ্রয় দেন। তারেক জিয়া ও তাঁর মা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে মন্ত্রী বলেন, তাঁরা নতুন প্রজন্মকে মিথ্যার অন্ধকারে নিমজ্জিত করার নতুন কৌশল নিয়েছে। তারেক জিয়া অর্বাচীন বালক, বেয়াদব। আর যারা এই মিথ্যাচারকে প্রশ্রয় দিচ্ছে সেই জ্ঞানপাপীরা অর্বাচীন বালকের চেয়ে ভয়ংকর।
ন্যাপের সাংসদ আমিনা আহমেদ বলেন, ব্যাংকিং খাতের দুরবস্থার কথা অর্থমন্ত্রী বাজেটে এড়িয়ে গেছেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগ সাংসদ সুবিদ আলী সুরাইয়া, বেগম শিরীন নাঈম, মোসলেমউদ্দিন, বেগম রহিমা আক্তার, শামসুল হক ভূঁইয়া, জাতীয় পার্টির এম এ হান্নান, এম এ মান্নান, খোরশেদ আরা হক প্রমুখ বক্তব্য দেন।