অর্থনীতি ধ্বংসের অপচেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অর্থনীতি ধ্বংসের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘অর্থনীতি ধ্বংস করতে এখন যে অপচেষ্টা চলছে তা ঘৃণ্য। আমরা তা ঘৃণা করি। রাজনীতি করতে গিয়ে অর্থনীতিকে ধ্বংস করবেন না। রাজনৈতিক কর্মসূচির ফলে রাজনীতি যাঁরা করেন তাঁরা কিন্তু ক্ষতিগ্রস্ত হন না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।’
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত ‘কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টস’-এর আলোচনা সভায় কাজী আকরাম এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন চেম্বারের সভাপতি ও সহসভাপতিরা উপস্থিত ছিলেন।
চেম্বার নেতাদের উদ্দেশে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘যে কাজ আমরা করতে চেয়েছিলাম, তা করতে পারিনি। ২০১৩ সালের শুরুতে দায়িত্ব নেওয়ার পর সারা বছরই রাজনৈতিক অস্থিরতা ছিল। ২০১৪ সালটা ভালো গেছে। কিন্তু এর পরই আবার সহিংসতা শুরু হয়েছে। তাই আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি।’
সভায় কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টস সভাপতি ও এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি হেলাল উদ্দিন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ প্রকল্পের পরিচালক কফিল উদ্দিন কাইয়া বক্তব্য দেন। সভা শেষে বিভিন্ন জেলা চেম্বারের সভাপতির হাতে কম্পিউটারসামগ্রী তুলে দেওয়া হয়।