অর্থনীতি নিয়ে ঢাকায় দুই দিনের সম্মেলন কাল থেকে শুরু
দেশের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সম্মেলন। রাজধানীর র্যাডিসন হোটেলে বাংলাদেশ ইকোনমিস্ট ফোরাম (বিইএফ) এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘ভিশন ২০৩০: অর্থনৈতিক নীতিকাঠামো ও বহুদলীয় গণতন্ত্রে কৌশল নির্ধারণ’।
এতে অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতারা, বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়৷ এতে মূল বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান৷
দুই দিনের সম্মেলনে যুক্তরাজ্যের অধ্যাপক মাইকেল লিপটন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক আজিজুর রহমান খান মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
এসব প্রবন্ধে বক্তারা বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রবৃদ্ধি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এ ছাড়া, সম্মেলনে রাজস্বনীতি, শেয়ারবাজার, বাণিজ্য, বৈদেশিক সহায়তা, অবকাঠামো, দারিদ্র্য বিমোচন, মানব উন্নয়নের কৌশল ও নীতি নিয়ে আলোচনা হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একটি বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
পেশাজীবী অর্থনীতিবিদদের নিয়ে ২০১৩ সালের এপ্রিল মাসে বিইএফ গঠিত হয়। এটাই তাদের প্রথম অর্থনীতিবিষয়ক সম্মেলন। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এই সম্মেলনের পৃষ্ঠপোষকতা করছে৷