অর্থনীতি নিয়ে দাতা সংস্থার উদ্বেগ বিবেচনার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো আন্তর্জাতিক দাতা সংস্থা চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম প্রাক্কলন করেছে। আপাতদৃষ্টিতে তা যুক্তিযুক্ত বলে প্রতীয়মান হয়। এই পরিপ্রেক্ষিতে সরকারের অর্থনীতি নিয়ে দাতাদের উদ্বেগকে গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। ব্যবসায়ীদের এই সংগঠনটি উচ্চ হারে মূল্যস্ফীতিসহ অর্থনীতির সমস্যাগুলো সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেছে। এসব পদক্ষেপের মধ্যে আছে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় সাধন, জ্বালানি ও বিদ্যুৎ-সংকট দূরীকরণ ইত্যাদি।দেশের ২০১১-১২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০১২) অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত এমসিসিআইয়ের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। মেট্রো চেম্বার বলছে, উচ্চ হারে মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতি, বিদেশি সহায়তা হ্রাস, ব্যাংকব্যবস্থা থেকে সরকারের উচ্চ হারে ঋণ গ্রহণ ও ব্যাংকে তারল্যসংকট অর্থনীতির জন্য মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যদি চলতি অর্থবছরে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হয়, তাহলে এসব সমস্যার দ্রুত সমাধান করা প্রয়োজন বলে মনে করে মেট্রো চেম্বার।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এডিবি চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২০ শতাংশ প্রাক্কলন করেছে। আর আইএমএফ বলেছে, এই হার হবে ৫ দশমিক ৯০ শতাংশ। বিনিয়োগে স্থবিরতা ও বাইরের চাহিদা কমে যাওয়ার প্রভাব বিবেচনায় নিয়ে প্রবৃদ্ধির হারের এই নিম্নমুখী প্রাক্কলন করা হয়েছে।এমসিসিআইয়ের মতে, দেশের কৃষি খাত আলোচ্য প্রান্তিকে জোরালো প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে মধ্য মেয়াদে এই প্রবৃদ্ধি ধরে রাখতে কৃষি-উপকরণ ও অর্থায়নে সরকারি সহায়তা অব্যাহত রাখতে হবে। মেট্রো চেম্বার আরও বলছে, হালনাগাদ ও প্রত্যক্ষ তথ্য-উপাত্ত না পাওয়া গেলেও বিভিন্ন পরোক্ষ সূচক থেকে এটা বোঝা যায় যে শিল্পোৎপাদন খাতের প্রকৃত অবস্থা সামর্থ্যের চেয়ে নিচে রয়েছে। মেয়াদি শিল্পঋণপ্রবাহে শ্লথগতি, বেসরকারি খাতের ঋণপ্রবাহ ব্যাপকভাবে কমে যাওয়া ও মূলধনি যন্ত্রপাতি আমদানি হ্রাসের মধ্য দিয়ে শিল্প খাতের মন্দাবস্থা প্রতিফলিত হচ্ছে। ভৌত অবকাঠামোগত সমস্যা, জ্বালানি-বিদ্যুতের অব্যাহত সংকট এবং উচ্চ হারে সুদের কারণে অভ্যন্তরীণ বিনিয়োগ ও চাহিদা কমে যাওয়াই এর কারণ বলে মনে করা হচ্ছে।