অর্থনীতি পর্যালোচনায় আজ আসছে আইএমএফ মিশন
শেয়ারবাজারে কারসাজি, নতুন ব্যাংক স্থাপনসহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল আজ সোমবার ঢাকা আসছে।আইএমএফের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপ্রধান ডেভিড কাউয়েনের নেতৃত্বে মিশন আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। এ সময় তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এম মোশাররাফ হোসাইন ভূঞাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।জানা গেছে, ইতিমধ্যেই মিশন দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন তথ্য-উপাত্ত সরকারের কাছ থেকে নিয়েছে। এসব তথ্য-উপাত্ত ধরেই সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবে মিশন। সূত্রগুলো বলছে, এ বছরের প্রথম ভাগে সংস্থার একটি মিশন এসে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সহনক্ষমতা পরীক্ষা (স্ট্রেস টেস্টিং) করতে গিয়ে শেয়ারবাজার সম্পর্কে অনেক মতামত দিয়েছে। সেখানে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি) বাণিজ্যিক ব্যাংকগুলোর বাজারসংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি দেশের আবাসিক খাত নিয়েও তাদের উৎকণ্ঠা প্রকাশ করে। বর্তমান মিশনও শেয়ারবাজার নিয়ে তাদের মতামত প্রকাশ করবে বলে ধারণা করছে সরকারি সূত্রগুলো।দেশের চলমান মূল্য পরিস্থিতি, বাণিজ্য ঘাটতি ও ঘাটতি অর্থায়ন, সরকারের ঋণ, লেনদেনের ভারসাম্য এবং বিনিময় হার পরিস্থিতি নিয়েও আইএমএফ সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। এসব বিষয়ে সংস্থার আলোচনার তালিকা দেওয়া হয়েছে সরকারের কাছে। চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেট তৈরির আগেই আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা ঘুরে গিয়েছিল। ভর্তুকি কমানো, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো, অনুন্নয়ন খাতে ব্যয় হ্রাস ও রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ ছিল ওই মিশনের। বর্তমান মিশন এগুলোর ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করবে।সরকারের কাছ থেকে আইএমএফের এই মিশনের জন্য জিডিপির প্রবৃদ্ধি, কৃষি উৎপাদন, উৎপাদন খাত সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন সম্পর্কে যেমন আগ্রহ রয়েছে আইএমএফের, তেমনি আগ্রহ তাদের এডিপিবহির্ভূত প্রকল্পের ব্যাপারে। সরকারের ব্যাংক ঋণ বিষয়ে বিশেষ মনোযোগ আছে মুদ্রা তহবিলের। গত বছর সরকারের ব্যাংক ঋণ মূল বাজেট ও সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়।সূত্র জানায়, বর্তমান মিশন বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রমও পর্যালোচনা করবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোতে কোম্পানির সুশাসন পরিস্থিতি, মানসম্মত ঋণ শ্রেণীকরণ করা হচ্ছে কি না, কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও নজরদারির বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। মিশন একই সঙ্গে আর্থিক খাতের নিরাপত্তাবলয় নিয়েও পরামর্শ দিতে পারে।দেশে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। আইএমএফ মিশনও তাদের আলোচ্যসূচিতে নতুন ব্যাংক নিবন্ধন বা লাইসেন্স দেওয়ার বিষয়টি রেখেছে।