
সম্প্রতি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশ একীভূত (মার্জার) হওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। অপারেটর দুটির এক হওয়ার এই উদ্যোগ সম্পর্কে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কোম্পানি আইন বিশেষজ্ঞ তানজিব-উল আলম
প্রথম আলো: রবি-এয়ারটেল একীভূত (মার্জার) হতে যাচ্ছে। বিষয়টি আপনি কীভাবে দেখেন?
তানজিব-উল আলম: অবশ্যই একটি ইতিবাচক উদ্যোগ। এটা প্রমাণ করে, এ দেশের টেলিযোগাযোগ খাত এখন পরিপক্ব অবস্থানে আছে।
প্রথম আলো: মার্জার ও সাধারণ অধিগ্রহণে কি কোনো পার্থক্য আছে?
তানজিব-উল আলম: মার্জার ছাড়াও আরও দুভাবে একটি কোম্পানি অধিগ্রহণ করা যায়। একটা হচ্ছে এক কোম্পানির যা পরিসম্পদ আছে, তা নগদ অর্থে কিনে নেওয়া। আরেক উপায় হচ্ছে ওই কোম্পানির শেয়ার কিনে নেওয়া। দুই ক্ষেত্রেই যে কোম্পানি কেনা হচ্ছে সেটি থেকে যায়। কিন্তু মার্জারে যে কোম্পানিকে কিনে নেওয়া হলো, সেটি আর টিকে থাকে না। যেহেতু তার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তাই ওই কোম্পানির সম্পদ অধিগ্রহণ করা কোম্পানির অধিকারে চলে যায়।
প্রথম আলো: মার্জারের ক্ষেত্রে আইনি কী কী বিষয় থাকে?
তানজিব-উল আলম: আদালতের একটি অনুমোদন নিতে হয়। কারণ যে কোম্পানি সম্পদ পাচ্ছে, সেখানে অনেকগুলো বিষয় থাকে, যেটাতে তৃতীয় পক্ষ জড়িত থাকে। তৃতীয় পক্ষ তিন ধরনের হতে পারে। যেমন যে কোম্পানি অধিগ্রহণ করা হচ্ছে তার কর্মী, ওই কোম্পানির সরবরাহকারী এবং পাওনাদার। মার্জারের আবেদন পরীক্ষা করার সময় আদালত দেখেন, এসব তৃতীয় পক্ষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না।
প্রথম আলো: কেন এই নিরাপত্তার প্রয়োজন হয়?
তানজিব-উল আলম: একটি কোম্পানি যখন দীর্ঘ সময় ধরে পরিচালিত হয়, তখন ওই কোম্পানির সঙ্গে বিভিন্ন পক্ষের চুক্তি হয়। আবার ওই কোম্পানিতে কর্মরত কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির মতো বিষয়গুলো পরিশোধের বিষয় থেকে যায়। যখন দুটো কোম্পানি একীভূত হয়ে যায়, তখন এ বিষয়গুলো নিয়ে যাতে সমস্যা না হয়। এয়ারটেলে যে কর্মী পাঁচ বছর কাজ করছেন, তাঁর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিশোধের দায়িত্ব এখন রবিকে নিতে হবে। একইভাবে এয়ারটেলের অন্যান্য দায়দেনার দায়িত্বও রবির হয়ে যাবে।
প্রথম আলো: এয়ারটেলের কোনো কর্মীকে যদি চাকরিচ্যুত করা হয়, তাহলে কি কোনো আইনি ঝামেলা হবে?
তানজিব-উল আলম: রবিতে আসার পর কেউ যদি চাকরি ছেড়ে দেন বা চলে যান, দুই ক্ষেত্রেই রবির কর্মী চাকরি ছেড়ে দিলে যে সুযোগ-সুবিধা পেতেন, এয়ারটেল থেকে আসা কর্মীও একই সুবিধা পাবেন। এটা আইনেই বলে দেওয়া আছে। আর একজন কর্মীকে যদি চাকরিচ্যুত করতেই হয়, তাহলে আইন অনুযায়ী তাঁকে যেসব সুবিধা দেওয়ার, তা দিতে হবে। এখন নিয়ন্ত্রক সংস্থা যদি কাউকে চাকরিচ্যুত করা যাবে না—এমন শর্ত দিয়ে থাকে, তার একটি নির্দিষ্ট সময়সীমা বলে দিতে হবে, এটা অনির্দিষ্ট সময়ের জন্য হতে পারবে না।
প্রথম আলো: মার্জারের আদর্শ উপায় কোনটি?
তানজিব-উল আলম: আদালতের মাধ্যমেই সাধারণত একীভূত হওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। বাংলাদেশে কোম্পানি আইন অনুযায়ী এটি সম্পন্ন হয়। ভারতে আদালতের মাধ্যমে একীভূত হয়। যুক্তরাজ্যে এখন একটি মার্জার প্যানেলের মাধ্যমে তা করা হয়। ইউরোপ-আমেরিকায় দুটি কোম্পানি ইচ্ছা করলেই এক হতে পারবে না। এ ক্ষেত্রে পরীক্ষা করে দেখা হয়, প্রতিযোগিতা কোনোভাবে বিঘ্নিত হচ্ছে কি না। বাংলাদেশে প্রতিযোগিতা-সম্পর্কিত আইন এত দিন ছিল না। এখন থাকলেও আইন অনুযায়ী প্রতিযোগিতা কমিশন হয়নি।
প্রথম আলো: বাংলাদেশের একীভূত হওয়ার আইনটা কেমন?
তানজিব-উল আলম: বাংলাদেশে যে আইনটি আছে, সেটিতে লিগ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত হওয়ার যতটা বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন সেটি নেই। একীভূত হওয়ার ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যাগুলো থাকলে আরও ভালো হতো। নতুন যে কোম্পানি আইনটা হচ্ছে, ওটাতে অনেক বিস্তারিত ব্যাখ্যা রাখা হয়েছে।
প্রথম আলো: এখানে একীভূত হওয়ার ঘটনা কম কেন?
তানজিব-উল আলম: বাংলাদেশে কোনো কোম্পানি একবার ব্যবসা শুরু করলে লাভ হোক ক্ষতি হোক, তা বছরের পর বছর চলতে থাকে। এটাকে অর্থনীতির একধরনের দুর্বলতা বলা যায়। একটি ভালো অর্থনীতির লক্ষণ হচ্ছে, অলাভজনক প্রতিষ্ঠানগুলো এখানে চলতে পারে না। ক্রমাগতভাবে লোকসান দিতে থাকা কোম্পানিকে চলতে দেওয়া অর্থনীতির জন্য ক্ষতিকর। অর্থনীতি যত মজবুত হবে, একীভূত হওয়ার ঘটনা ততই বাড়বে।
সাক্ষাৎকার নিয়েছেন আশরাফুল ইসলাম