অর্থনীতিতে কিছু ভারসাম্যহীনতার কথা স্বীকার করলেও সার্বিকভাবে দেশের পুরো অর্থনীতি খুব ভালো ও শক্তিশালী অবস্থায় আছে বলে মনে করছেন সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা।‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি’ নিয়ে গতকাল বিনিয়োগ বোর্ড আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তাঁরা এসব কথা বলেন।একই আলোচনায় সরকারদলীয় সাংসদ ও সরকারি প্রতিষ্ঠান-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর বিদেশে ব্যাপক হারে মুদ্রা পাচার হচ্ছে বলে সন্দেহ পোষণ করেন। তিনি এ বিষয়ে আরও সতর্ক হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, দেশের জাতীয় সঞ্চয়ের হার মোট দেশজ উ ৎ পাদনের প্রায় ৩২ শতাংশ আর বিনিয়োগের হার প্রায় ২৩-২৪ শতাংশ। এই দুইয়ের মধ্যে যে ব্যবধান সেই অর্থ কোথায় যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর একটি অংশ হয়তো পাচার হয়ে থাকতে পারে।আলোচনায় আন্তর্জাতিক একটি এনজিওসহ অপর একটি সংস্থার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার বেশি হচ্ছে। আমদানি মূল্য বাড়িয়ে-কমিয়ে দেখিয়ে এবং বহুজাতিক কোম্পানিগুলোও নানাভাবে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে।বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ এ সামাদের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। আলোচনা: প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশের অর্থনীতির মৌলিক খাতগুলো (রিয়েল সেক্টর) ভালো আছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো, কৃষি খাতের অবস্থা ভালো, ছেলেমেয়েরা লেখাপড়াও করছে। অথচ সনাতনী কিছু কেতাবি ধারণা থেকে মূল্যায়ন করা হচ্ছে অর্থনীতি ভালো অবস্থায় নেই।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘২০ বছর আগে এ দেশের কোনো অর্থনীতিবিদ দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের প্রবাহ ও অবদান নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু আমাদের আজ অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অনেক।’তৌফিক-ই-ইলাহী আরও বলেন, ‘আমাদের দেশে এখন অনেক স্বাধীন প্রোগ্রামার আছে, যারা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে অনেক টাকা কামাচ্ছে। সেই কথা বা অর্থনীতির সেই শক্তির বিষয়টি আমরা কয়জন জানি।’পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, বিদেশি সাহায্য প্রাপ্তিতে কিছুটা সমস্যা থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি গত বছরের তুলনায় ভালো।জনসংখ্যার সঙ্গে অর্থনীতির নিবিড় সম্পর্ক রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, একটি দেশের অবকাঠামো, বিদ্যু ৎ ও জ্বালানি পরিস্থিতি এবং বন্দর সুবিধা ভালো থাকলে সারা পৃথিবী থেকে বিনিয়োগ আসবে। এ ছাড়া জনগণ যদি সরকারকে ন্যায্য কর দিত, তাহলে আয় অনেক বেড়ে যেত। তখন সরকারের আর ঋণ করার প্রয়োজন পড়ত না। মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতির যে শক্তি তা খুবই ইতিবাচক। তবে এই মুহূর্তে কিছু ঝুঁকি বা চাপও রয়েছে। মূল্যস্ফীতি বাড়ছে, বৈষম্যও আছে। বিদ্যুতের ভর্তুকি কমানো না গেলে এই চাপ আরও বাড়বে। মূলধনি যন্ত্রপাতি আমদানির হার ঋণাত্মক। শেয়ারবাজারের সমস্যা যাতে ব্যাংকিং খাতের সমস্যায় পরিণত না হয়, সেদিকে সরকারকে বিশেষ নজর দিতে হবে। আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, সরকারের সাবেক সচিব চৌধুরী মোহাম্মদ মহসিন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ।