বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৯তম দ্বিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের সম্মেলনে একটি বিশেষ প্লিনারি অধিবেশন ও ১২টি কর্মঅধিবেশনে বিভিন্ন বিষয়ে শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ ছাড়া সম্মেলনের শেষ দিন শনিবার সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০১৪-১৬ কার্যবছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক অর্থনীতি ও উন্নয়ন পুনর্ভাবনা। বিভিন্ন কার্যঅধিবেশনে উন্নয়নের অর্থনীতি, বিশ্বায়ন, বৈদেশিক বাণিজ্য, শিল্পায়ন, কৃষি উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা হবে। সম্মেলন উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আয়বৈষম্য কমাতে রাজনৈতিক অর্থনীতির নতুন চিন্তা আহ্বান করা হয়েছে।