অর্থনীতি সমিতির সম্মেলন আজ থেকে শুরু
বাংলাদেশ অর্থনীতি সমিতির অষ্টাদশ দ্বিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘বৈশ্বিক অর্থনীতি ও রূপকল্প-২০২১।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকার রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।সম্মেলনের বিস্তারিত জানাতে গতকাল বুধবার অর্থনীতি সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য দেন সমিতির সভাপতি আবুল বারকাত। এ সময় সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধূরী এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হান্নানা বেগম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন আবুল বারকাত বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পর্যালোচনা ও করণীয় নির্ধারণ তাই জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে রূপকল্প-২০২১ বাস্তবায়নে বৈশ্বিক অর্থনীতির প্রবণতা প্রভাব ফেলবে। সেই বিবেচনা থেকেই সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।’উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতি স্বর্ণপদক-২০১২ প্রদান করা হবে দেশের চারজন বিশিষ্ট অর্থনীতিবিদকে। তাঁদের মধ্যে দুজন পাবেন মরণোত্তর স্বর্ণপদক। তাঁরা হলেন অধ্যাপক আখলাকুর রহমান ও অধ্যাপক মোজাফ্ফর আহমদ। অন্য দুজন হলেন: অধ্যাপক কাজী খলীকুজ্জমান আহমদ ও অধ্যাপক মইনুল ইসলাম।