অর্থনীতি স্বস্তিদায়কই ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমন্দা সত্ত্বেও সরকারের সুদূরপ্রসারী কার্যক্রম ও বাংলাদেশ ব্যাংকের যথোপযুক্ত নীতি-পদক্ষেপেরে কারণে ২০১২ সালে বাংলাদেশের আর্থিক খাত শুধু স্থিতিশীল থাকেনি, বরং শক্ত ভিতের ওপর দাঁড়াতে পেরেছে।বিদায়ী বছরে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক এমনটাই দাবি করেছে। গত সোমবার গণমাধ্যমে এই লিখিত মূল্যায়ন পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সার্বিক বিচারে ২০১২ সালের অর্থনীতি স্বস্তিদায়কই ছিল। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৫ দশমিক ৭৪ শতাংশ, সেখানে গত অর্থবছরে (২০১০-১১) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬ দশমিক ৩২ শতাংশ।বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, চলতি অর্থবছরে (২০১২-১৩) ৭ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বিশ্বমন্দার কারণে তা হয়তো অর্জন করা যাবে না। তবে চলতি বছরের প্রবৃদ্ধির হার গত অর্থবছরের চেয়ে কম হবে না।মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী-আয়ের জোরালো প্রবাহের ফলে অক্টোবর মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো এক হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। আর গত ২৭ ডিসেম্বর রেকর্ড সর্বোচ্চ রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার ২৭২ কোটি ডলার। তাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পাওনা পরিশোধ করেও রিজার্ভ এক হাজার ২০০ কোটি ডলারের বেশি থাকবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের চার মাসেরও বেশি সময়ের আমদানি-দায় মেটানো সম্ভব।চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি-ব্যয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭৫ শতাংশ কমেছে। মূলত ভোগ্য ও বিলাসপণ্য এবং চাল আমদানি কম হওয়ায় এমনটি হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির ধারা ইতিবাচকই রয়েছে। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি-আয় অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৩৬ শতাংশ বেশি হয়েছে।বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, মূল্যস্ফীতিও এখন কমতির দিকেই রয়েছে। গত অর্থবছর শেষে গড় বার্ষিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৬২ শতাংশ, যা চলতি অর্থবছরের নভেম্বরের শেষে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের মতে, কৃষি, এসএমই ও ব্যাংক খাত ভালো করার কারণেই দেশের অর্থনীতিকে এমন স্বস্তিদায়ক অবস্থানে রাখা সম্ভব হয়েছে।ব্যাংকগুলোর মূলধনের পর্যাপ্ততা-সংক্রান্ত ব্যাসেল-২-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে। ব্যাসেল-২ অনুসারে ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ মূলধন সংরক্ষণের আবশ্যকতার বিপরীতে গত বছর জুন শেষে ব্যাংকগুলোতে ১১ দশমিক ৩১ শতাংশ এবং সেপ্টেম্বর শেষে ১০ দশমিক ৮৫ শতাংশ মূলধন সংরক্ষণ করেছে। ব্যাসেল-৩ বাস্তবায়ন করার জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।২০১২ সালে ইলেকট্রনিক লেনদেনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ইতিমধ্যে ১৫ লাখ মানুষ মোবাইল ব্যাংকিং হিসাব খুলেছে। বছর শেষে চালু হয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ। তথ্যপ্রযুক্তির সাহায্যে ব্যাংক খাতকে পুরোপুরি কাগজবিহীন (পেপারলেস) করার দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।