অর্থনীতিতে আইএমএফ সন্তুষ্ট
সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সংস্কার কর্মসূচিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তুষ্ট। সংস্থার দেওয়া ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় করতে তাই ইতিবাচক সুপারিশ করবে ঢাকা সফররত আইএমএফ মিশন।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল রোববার আইএমএফের প্রতিনিধিরা এসব কথা বলেছেন। সম্মেলনে বক্তব্য দেন ঢাকা সফররত মিশনপ্রধান রডরিগো কিউবেরো। উপস্থিত ছিলেন বাংলাদেশে আবাসিক প্রধান এতেরি ভিনত্রাজে।
বাংলাদেশের জন্য আইএমএফের দেওয়া বর্ধিত ঋণসুবিধার (ইসিএফ) আওতায় ১০০ কোটি ডলারের অর্থ ছাড় করতে দেওয়া বিভিন্ন শর্ত যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা যাচাইয়ে এই প্রতিনিধিদল গত ২২ সেপ্টেম্বর ঢাকায় আসে। পর্যালোচনা শেষে গতকাল সংবাদ সম্মেলন করে তারা।
রডরিগো কিউবেরো বলেন, ‘আগামী ডিসেম্বরে ইসিএফের পরবর্তী কিস্তির ১৪ কোটি পাঁচ লাখ ডলার ছাড় হবে। আইএমএফের নির্বাহী পর্ষদে এটি পাস হয়েছে। আর এই কিস্তির অর্থ যোগ হলে বাংলাদেশকে দেওয়া ঋণের স্থিতি দাঁড়াবে ৫৬ কোটি ২০ লাখ ডলার।’
কিউবেরো আরও বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। কেননা, এ সময় সরবরাহ ও বিনিয়োগ কমে যেতে পারে। এতে চলতি ২০১৩-১৪ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নেমে আসতে পারে।’
আইএমএফ রাষ্ট্র খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের পুনর্মূলধন জোগানোর সিদ্ধান্তকে সঠিক বলে মত দিয়েছে। তবে সংস্থাটি মনে করে, ব্যাংকগুলোতে নিজস্ব তদারকি ও নজরদারি দরকার। নিরীক্ষা কমিটি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তারা মনে করে, ভবিষ্যতে যাতে লোকসান না হয়, সে জন্য ঋণ ও ঝুঁকি বিশ্লেষণব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি করায় সন্তোষ প্রকাশ করে আইএমএফ বলেছে, এতে রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব ও ক্ষমতা বৃদ্ধি পাবে। এসব ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও নজরদারি বাড়বে।