অর্থনীতিতে আরও ভালো করার সুযোগ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ বছর ধরে বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক গড় হারের চেয়ে বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করছে। তবে বাংলাদেশের সামনে আরও ভালো করার সুযোগ আছে। বাংলাদেশ এখন বছরে ৬ শতাংশের বেশি হারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করছে। তবে চীন ও দক্ষিণ কোরিয়া কয়েক দশক ধরে ৯ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত শিল্পনীতি নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘জাতীয় শিল্পনীতি-২০১৬: শিল্পায়নের সুযোগ ও বাংলাদেশে বিনিয়োগ’ শীর্ষক এ আলোচনা সভাটি গতকাল শনিবার রাজধানীর ঢাকা চেম্বারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
অনুষ্ঠানে শুরুতেই ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশীদ ব্যবসা করার প্রক্রিয়া সহজ করাসংক্রান্ত বৈশ্বিক ডুইং বিজনেস ইনডেক্স এবং প্রতিযোগিতা সক্ষমতাসংক্রান্ত গ্লোবাল কম্পিটিটিভনেস ইনডেক্সে বাংলাদেশের অবস্থান উন্নীত করার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে শিল্পনীতি নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহ প্রদান, জমির সংকট বিবেচনায় নেওয়া, রপ্তানি খাতের সংযোগ শিল্পে গুরুত্ব, প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের জোর দেওয়া শিল্পনীতির ইতিবাচক দিক। তবে তিনি শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করা, রাষ্ট্রায়ত্ত কারখানার সংস্কার, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার উৎসাহিত করার তাগিদ দেন।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, চীন ৪০ বছরের বেশি সময় ধরে এবং দক্ষিণ কোরিয়া টানা ৩০ বছর বছরে ৯ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশকে আরও ভালো করতে হবে। এ জন্য প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হবে। তিনি বলেন, সক্ষমতা ধরে রাখতে হলে জ্বালানি ও জমি কম খরচে দিতে হবে। কম সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। পুরোপুরি পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতের বদলে বাংলাদেশকে কয়লা ব্যবহারে নজর দেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষে আলোচকদের বক্তব্যের সূত্র ধরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে শিল্পকারখানাগুলোকে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। যাতে তাদের গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য সুবিধা দেওয়া যায়। এ বছরের মধ্যে ট্যানারিগুলোকে সাভারে নেওয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইয়াসমিন সুলতানা, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, ঢাকা চেম্বারের সহসভাপতি কে আতিক-ই-রাব্বানী, সাবেক সহসভাপতি আবদুস সালাম, পরিচালক সমীর সাত্তার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।