অর্থনীতিতে উচ্চপ্রবৃদ্ধির জন্য সুশাসন আবশ্যক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত অবকাঠামো, জ্বালানি, দক্ষ জনশক্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ উচ্চপ্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হলেও এগুলোকে নিশ্চিত করার জন্য সুশাসন আবশ্যক। বাংলাদেশের জন্য এটি বিশেষভাবে সত্যি।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এই অভিমত প্রকাশ করেছে। আইসিসিবির ত্রৈমাসিক নিউজ বুলেটিনের সম্পাদকীয়তে এই অভিমত তুলে ধরা হয়েছে।
আইসিসিবি বলছে, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশের প্রাথমিক স্তরে পৌঁছার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০০৫-০৬ সালকে ভিত্তিবছর ধরে দেশের মাথাপিছু আয় ২০১৪ সালে এক হাজার ১৯০ ডলারে উন্নীত হয়েছে। এ অর্জন প্রকৃত সম্ভাবনার অনেক নিম্নস্তরে এবং চীন, মালয়েশিয়া ও কোরিয়ার অর্জিত প্রবৃদ্ধির চেয়ে কম। অথচ এ দেশগুলো সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশ ছিল।
বেসরকারি খাতকে যেকোনো দেশের প্রবৃদ্ধির চালিকা হিসেবে বিবেচনা করা হয়, এই তথ্য উল্লেখ করে আইসিসিবি বলছে, বাংলাদেশের বেসরকারি খাত বিগত দুই দশকে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন এবং তা ধরে রাখার ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছে। কিন্তু মধ্য আয়ের দেশে উত্তীর্ণ হওয়ার জন্য বাংলাদেশের কমপক্ষে ৭ থেকে ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করা প্রয়োজন। আর এ প্রবৃদ্ধি অর্জনের জন্য জিডিপিতে বিনিয়োগের হার ন্যূনতম ৩০ শতাংশ হতে হবে, যার জন্য ব্যবসা-সহায়ক পরিবেশ আবশ্যক।
আইসিসিবি বলছে, দুই বছর ধরে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে। আর এ জন্য দায়ী মূলত রাজনৈতিক অস্থিতিশীলতা, সুশাসনের অভাব এবং অবকাঠামোর অপর্যাপ্ত উন্নয়ন।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে বিদ্যুৎ, সড়ক ও পানি সরবরাহ বর্ধিত জনসংখ্যার প্রয়োজন অনুপাতে বাড়ানোর জন্য ২০২০ সাল পর্যন্ত এ খাতসমূহে প্রতিবছর ৭৪০ থেকে ১০০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ আবশ্যক। এই তথ্য উল্লেখ করে আইসিসিবি বলছে, একইভাবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও বলেছে, বাংলাদেশের দ্রুত প্রবৃদ্ধি এবং ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য অবকাঠামো, দক্ষÿজনশক্তি উন্নয়ন এবং ট্রেড লজিস্টিকসের ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন।