অর্থনীতিতে কিছু দুর্বলতা 'গুরুতর' পর্যায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবিরের নেতৃ​েত্ব সংগঠনের একটি প্রতিনিধিদল গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে l ছবি: এমসিসিআই
এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবিরের নেতৃ​েত্ব সংগঠনের একটি প্রতিনিধিদল গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে l ছবি: এমসিসিআই

প্রশংসনীয় অর্জন সত্ত্বেও অর্থনীতিতে অনেক দুর্বলতা রয়ে গেছে এবং কিছু দুর্বলতা ‘গুরুতর’ পর্যায়ের বলে মনে করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

চেম্বারটি বলেছে, নিকট-অতীতের অর্থনৈতিক উন্নতির জন্য বর্তমান সরকার অভিনন্দন পাওয়ার অধিকার রাখে। তবে এমসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকা দরকার।

সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এমসিসিআই এসব কথা বলেছে। চেম্বারের সভাপতি নিহাদ কবিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল অর্থমন্ত্রীর কাছে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ তুলে ধরে। সহসভাপতি গোলাম মহিউদ্দিন, সদস্য আনিস-উদ-দৌলা, তাবিথ এম আউয়াল, এ কে এম রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যা থেকে থাকলে সংলাপের মাধ্যমে সমাধান করে ফেলার আহ্বান জানায় এমসিসিআই। চেম্বারটি বলেছে, রাজনৈতিক দলের সহিংসতায় উৎপাদন ও বাণিজ্য ব্যাহত হয়। এতে বিপদে শুধু ব্যবসায়ীরাই পড়েন না, গোটা দেশই পড়ে। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য তাই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকাটা বেশি জরুরি।

উন্নতি হলেও সমাজে বৈষম্য বাড়ছে এবং উন্নতির সুফল ধনিক শ্রেণির হাতে চলে যাচ্ছে বলে মনে করে মেট্রো চেম্বার। চেম্বারটি বলেছে, দারিদ্র্য দূরীকরণের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) উচ্চ প্রবৃদ্ধির হার দরকার, কিন্তু এ হারই যথেষ্ট নয়। প্রবৃদ্ধির ফল গরিব মানুষের কাছে পৌঁছাতে দরকার কার্যকর সরকারি পদক্ষেপ। এ জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বড় আকারের সরকারি বিনিয়োগ থাকতে হবে।

গুরুতর দুর্বলতার কথা উল্লেখ করে মেট্রো চেম্বার বলেছে, দেশের বেকারত্বের হার উচ্চ অথচ শ্রমবাজারে প্রতিবছর ১৮ লাখ লোক ঢুকছে, কিন্তু সে অনুযায়ী নতুন বিনিয়োগ আসছে না। বিনিয়োগের হার এখনো জিডিপির ২৮ দশমিক ৭ শতাংশ। আবার বিনিয়োগ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি খাতে। রপ্তানি আয় হচ্ছে নির্দিষ্ট কয়েকটি খাত থেকে। রপ্তানি গন্তব্যস্থলও হাতে গোনা কয়েকটি দেশ। আর মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ পিছিয়ে এমনকি কিছু নিম্ন আয়ের দেশ থেকেও।

দুর্বল অবকাঠামো, দুর্বল সুশাসন, উচ্চ করহার, আর্থিক অপরাধ ও চুরি এবং নীতির ধারাবাহিকতা না থাকার কারণে ব্যবসায়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে এমসিসিআই।

চেম্বারটি শিল্প খাতকে জিডিপির ৩৫ থেকে ৪০ শতাংশে নিয়ে যাওয়া, কৃষি খাতকে সম্প্রসারিত করা, যথাযথ রাজস্ব নীতি গ্রহণ ও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্টের নীতি গ্রহণ করা, শ্রমবাজার সংস্কার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় আনার পরামর্শ দেয় অর্থমন্ত্রীকে।

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এমনকি বেসরকারি ব্যাংকগুলোতেও সুশাসনের অভাব রয়েছে জানিয়ে এমসিসিআই বলেছে, ব্যাংক খাতে সুদের হার এখনো অনেক বেশি এবং আমানতের সুদ ও ঋণের সুদের পার্থক্য (স্প্রেড) এখনো ৫ শতাংশ। অথচ এ হার পাকিস্তানে ৪ দশমিক ৮, ভিয়েতনামে ৩ দশমিক ২, শ্রীলঙ্কায় ২ দশমিক ৪ এবং মালয়েশিয়ায় ১ দশমিক ৬ শতাংশ।

অবকাঠামো খাতের উদাহরণ টেনে এমসিসিআই বলেছে, সরকার আট বছরে একটিও বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্প অসমাপ্ত থাকায় শিল্প-বাণিজ্য অসুবিধার মধ্যে রয়েছে। নির্ধারিত সময়ে পদ্মা সেতু বাস্তবায়ন, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট হাইওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন আগামী ১ জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্তকে ‘ভালো’ উল্লেখ করেও মূসক বিধি না হওয়ার কারণে জটিলতা তৈরি হবে বলে মনে করেন মেট্রো চেম্বারের সভাপতি নিহাদ কবির। তিনি বলেন, নতুন আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের অন্তর্বর্তীকালীন সময় (ট্রানজিশন পিরিয়ড) দেওয়ার দরকার ছিল।

আনিস-উদ-দৌলা অগ্রিম আয়কর (এআইটি) কমানোর দাবি জানান। এ কে এম রফিকুল ইসলাম বলেন, বিমা খাত এখনো অবহেলিত এবং বিমা কোম্পানির পরিবর্তে পলিসি বিক্রি করছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও)। কৃষি প্রক্রিয়াকরণ খাত ভালো করলেও কৃষকদের বঞ্চনার চিত্র তুলে ধরেন গোলাম মহিউদ্দিন।

দীর্ঘ বছর ধরে এমসিসিআই একটি সম্মানজনক চেম্বার হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তবে চেম্বারের সব দাবি, প্রস্তাব ও পরামর্শ নিয়ে কথা বলেননি তিনি। মূসক বিধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমার মনে হয় এটা ভেটিংয়ের জন্য আছে।’ মন্ত্রী আবার বলেন, ‘এটা কোথায় আছে দেখতে হবে।’